প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ঢাকা–১১ আসনে বিএনপি প্রার্থীর প্রতিবাদ
ঢাকা–১১ আসনে বিএনপি প্রার্থী ড. এম এ কাইয়ুম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯:৩৯ | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ | ২০:০৩
২৩ জানুয়ারি সমকাল অনলাইনে প্রকাশিত ‘আচরণবিধি ভেঙে ঢাকা–১১ আসনে বিএনপি প্রার্থীর পোস্টার’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এ আসনে বিএনপির প্রার্থী ড. এম এ কাইয়ুম। সোমবার (২ ফেব্রুয়ারি) এক চিঠিতে তিনি এই প্রতিবাদ জানান।
প্রতিবাদ লিপিতে বলা হয়েছে, ড. এম এ কাইয়ুম একজন সুপরিচিত রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সমাজকর্মী। তিনি অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের একজন সাবেক কাউন্সিলর এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী। ২৩ জানুয়ারি সমকাল অনলাইনে একটি সংবাদ প্রকাশিত হয় যা আপত্তিকর।
প্রতিবাদপত্রে আরও বলা হয়, এম এ কাইয়ুম নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার করে ইচ্ছাকৃতভাবে আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, যা সঠিক নয়। এ সংবাদের কারণে নির্বাচনী এলাকায় তার বিষয়ে নেতিবাচক ধারণা ছড়িয়ে পড়েছে, যা ভোটারদের মনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। তিনি কোনো পোস্টার ব্যবহার করেননি, কোনো নিয়মও লঙ্ঘন করেননি। তার ব্যবহৃত ব্যানার ও ফেস্টুন নির্বাচনী আচরণবিধির সঙ্গে সঙ্গতিপূর্ণ।
প্রতিবেদকের বক্তব্য: সংবাদটি প্রকাশের আগে ড. এম এ কাইয়ুমের মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পাওয়া যায়নি।
