নির্বাচন ঘিরে সারা দেশে অন্তত ১২৭ নিয়মবহির্ভূত ঘটনা: বিএনপি
নজরুল ইসলাম খান। ছবি: ফাইল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ০৪:১১ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ০৪:১৩
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে অন্তত ১২৭টি নিয়মবহির্ভূত ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে বিএনপি। বুধবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক নজরুল ইসলাম খান।
তিনি বলেন, চব্বিশের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের চূড়ান্ত আত্মত্যাগের পর এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ লড়াইয়ে যুক্ত থাকা সবাই শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশ নেবে বলে বিএনপি আশা করলেও বিজয়ের আকাঙ্ক্ষায় অনেকে ‘অনৈতিক ও বেআইনি পথ’ বেছে নিয়েছে।
নজরুল ইসলাম খান অভিযোগ করেন, সৈয়দপুর বিমানবন্দরে একজন জামায়াত নেতার কাছ থেকে ৭৪-৭৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে, যা ভোট কেনার জন্য নেওয়া হচ্ছিল বলে সংবাদমাধ্যমে এসেছে। এ ছাড়া শরীয়তপুরে সাড়ে সাত লাখ টাকা, রাজধানীর বিভিন্ন স্থানসহ মুরাদনগর, নেত্রকোনা ও পটুয়াখালীতে টাকা বিতরণের সময় বেশ কয়েকজন জামায়াত কর্মীকে আটক ও কারাদণ্ড দেওয়া হয়েছে বলে তিনি জানান।
বিএনপির এই নেতা বলেন, ঝিনাইদহ-৪ আসনে সলিমুন্নেসা বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট শুরুর আগেই ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের এজেন্টের স্বাক্ষর করা ২৩টি রেজাল্ট শিট পাওয়া গেছে, যা পরবর্তীকালে ম্যাজিস্ট্রেট জব্দ ও ধ্বংস করেন। নারায়ণগঞ্জে একজন প্রিসাইডিং অফিসারের সহায়তায় ব্যালটে সিল মারার চেষ্টার অভিযোগও তিনি তুলে ধরেন।
নির্বাচনী সহিংসতা ও হুমকির অভিযোগ তুলে নজরুল ইসলাম খান বলেন, খুলনা-৫ আসনে হিন্দুধর্মাবলম্বীদের ভোট না দিলে ‘ভিটায় পা রাখতে দেওয়া হবে না’ বলে হুমকি দেওয়া হচ্ছে। এ ছাড়া নীলফামারীতে সংখ্যালঘু পল্লীতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র সমালোচনা করেন তিনি। রাজধানীর হাতিরঝিল এলাকায় প্রশিক্ষিত না হওয়া সত্ত্বেও ৩৩০ জনকে টাকার বিনিময়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগও করেন তিনি।
বিএনপির নেতা শহীদ উদ্দীন চৌধুরীর (এ্যানি) গাড়িতে বিপুল অর্থ উদ্ধারের খবরকে ‘ভুল তথ্য’ ও ‘অপপ্রচার’ বলে দাবি করেন নজরুল ইসলাম খান।
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে এই বিএনপি নেতা বলেন, ‘জনগণের সমর্থন নিয়েই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে চাই।’
তিনি দলীয় নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যে অধিকার আদায়ের জন্য এত লড়াই করা হয়েছে, তা রক্ষায় সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে। তিনি নেতাকর্মীদের পালাক্রমে ভোটকেন্দ্র পাহারা দেওয়ার এবং ফলাফল হাতে না নিয়ে কেন্দ্র ত্যাগ না করার নির্দেশ দেন।
- বিষয় :
- সংসদ নির্বাচন
- বিএনপি
- নজরুল ইসলাম খান
