আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করছে: শেখ রবিউল আলম
বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:১৮
ঢাকা–১০ আসনে বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম ভোট দিয়ে বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত তৎপর ও নিরপেক্ষ ভূমিকা পালন করছে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তারা সর্বোচ্চ পেশাদারিত্ব দেখাচ্ছেন।
আজ বৃহস্পতিবার সকালে ধানমন্ডি ওয়াইডাব্লিউসিএ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোট দেন শেখ রবিউল আলম। পরে কেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, এবারের নির্বাচনী পরিবেশ আগের যে কোনো সময়ের তুলনায় ভিন্ন। ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন, নির্বিঘ্নে নিজেদের পছন্দের প্রতীকে ভোট দিতে পারছেন। ভোটের মাঠে কোনো আধিপত্যবাদের প্রভাব নেই। মানুষ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করছে।
নিজের জয়ের সম্ভাবনা সম্পর্কে প্রশ্ন করা হলে রবিউল বলেন, আমি এই এলাকায় ৩৩ বছর ধরে রাজনীতি করছি। এলাকাবাসী আমাকে জানে, আমিও তাদেরকে জানি। এলাকার উন্নয়ন ও নাগরিক স্বার্থ রক্ষায় আমি সব সময় কাজ করেছি। এখানকার মানুষ আমাকে জনপ্রতিনিধি বানানোর সুযোগ দিলে আমি তাদের ভালোবাসার মর্যাদা রাখব।
সকালে এই কেন্দ্র ঘুরে দেখা গেছে, নিরাপত্তাব্যবস্থা তুলনামূলক ভালো। ভোটকেন্দ্রে তেমন কোনো বিশৃঙ্খলা নেই। তবে চূড়ান্ত ফলাফল জানতে ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন অনেক ভোটার।
- বিষয় :
- ঢাকা-১০
- বিএনপি
- সংসদ নির্বাচন ২০২৬
- গণভোট
