ভোটারদের উদ্দেশে বিএনপি
ভোট প্রদানের মাধ্যমে অংশ নিন গণতান্ত্রিক অভিযাত্রায়
ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৫:০৬
ভোট প্রদানের মাধ্যমে গণতান্ত্রিক অভিযাত্রায় অংশগ্রহণ করে যার যার নাগরিক অধিকার সুনিশ্চিত করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন।
মাহদী আমিন বলেন, গণতান্ত্রিক অভিযাত্রায় যারা এখনো ভোটপ্রদানে অংশগ্রহণ করেননি, দ্রুত ভোট প্রদানের মধ্য দিয়ে তারা সেই ঐতিহাসিক মুহূর্তের অংশীদার হোন। আজকের এই নির্বাচনে আমাদের প্রধান লক্ষ্য, মানুষের অধিকার প্রতিষ্ঠা করে সবাই ভোট প্রদানের মাধ্যমে রাষ্ট্রীয় মালিকানা তাদের কাছে ফেরত দেওয়া। আমরা প্রত্যাশা করছি, ভোটগ্রহণ শেষ হবার আগে যে সময়টুকু রয়েছে, এই সময়ের মধ্যে ভোট প্রদানের মাধ্যমে গণতান্ত্রিক অভিযাত্রায় অংশগ্রহণ করে যার যার নাগরিক অধিকার সুনিশ্চিত করবেন।’
ভোটকেন্দ্রে দৃশ্যমান যে জনসমাগম রয়েছে দিনশেষে সেটিই পূর্ণাঙ্গতা পাবে বলে আশাপ্রকাশ করেন মাহদী আমিন। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের মূল্যবান ভোটই দেশের গণতান্ত্রিক অভিযাত্রা ও নবীন-প্রবীণ, নারী, পুরুষ আকাঙ্ক্ষাকে আকাঙ্ক্ষাকে সুনিশ্চিত করবে ইনশাল্লাহ।
ভোটকেন্দ্রে লম্বা লাইন দেখা গেলেও ভোটগ্রহণ প্রক্রিয়ার গতি আশানুরূপ নয় উল্লেখ করে তিনি বলেন, ‘সারাদেশে প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটগ্রহণ প্রক্রিয়া এখনো চলমান। পরিস্থিতি সম্পর্কে পূর্ণাঙ্গ চিত্র এখনো আমাদের হাতে আসেনি। তবে নোয়াখালীর হাতিয়া ও কুমিল্লার চৌদ্দগ্রামসহ দেশব্যাপী কিছু জায়গায় কিছু অসংগতি এবং অনাকাঙ্ক্ষিত বিষয় আজও দেখা যাচ্ছে, কোনো কোনো কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন দেখা গেলেও ভোটগ্রহণ প্রক্রিয়ার গতি আশানুরূপ নয়। ভোটপ্রদানের প্রক্রিয়াকে দ্রুততর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের প্রত্যাশা যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, তারা পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে সেগুলো সমাধান করবেন।’
মাহদী বলেন, ‘দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলন, গণঅভ্যুত্থানে হাজারো শহীদ, গুম হওয়া মানুষের ত্যাগ ও সংগ্রামের উপর দাঁড়িয়ে আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে দীর্ঘদিন পর যেহেতু গণমানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হতে চলেছে, একে কেন্দ্র করে রয়েছে অনেক আবেগ, আকাঙ্ক্ষা এবং অনুভূতি। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে ধানের শীষের বিজয়, বিএনপির বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ।’
তিনি বলেন, ‘পরাজয়ের আশঙ্কায় প্রতিপক্ষ রাজনৈতিক দল গতকাল রাত থেকে অনেক জায়গায় অনাকাঙ্ক্ষিত ও সহিংস বেশ কিছু ঘটনার জন্ম দিয়েছে, যা সচেতন জনগণ মিডিয়ার গোচরে এনেছেন এবং প্রতিহত করেছেন। সংগঠিত ঘটনাগুলো নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং অন্তর্বর্তী সরকারের প্রতি নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়া পর্যন্ত পরিবেশ নির্বিঘ্ন রাখার ব্যাপারে ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখার প্রত্যাশা করছি।’
