ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

রাজনৈতিক সরকারের ক্ষমতা গ্রহণ জাতির জন্য মন্দের ভালো: জাসদ

রাজনৈতিক সরকারের ক্ষমতা গ্রহণ জাতির জন্য মন্দের ভালো: জাসদ
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬ | ০২:২৯

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারকে শুভেচ্ছা জানিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। দলটি বলেছে, ‘অবৈধ, অসাংবিধানিক ও মবতান্ত্রিক ইউনূস সরকারের বিদায় এবং একতরফা ও একপাক্ষিক প্রশ্নবিদ্ধ নির্বাচনী নাটকের মধ্য দিয়ে’ তারেক রহমানের নেতৃত্বে নতুন রাজনৈতিক সরকারের ক্ষমতা গ্রহণ দেশের জন্য মন্দের ভালো।

বৃহস্পতিবার জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানানো হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকলেও নির্বাচনের পর গঠিত বিএনপি সরকারকে দলটি শুভেচ্ছা জানাল। 

বিবৃতিতে বলা হয়, নতুন সরকারকে অবিলম্বে মবতন্ত্রের অবসান, সংবিধান ও আইনের শাসন সমুন্নত এবং গায়ের জোরে উল্টে দেওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রতিহিংসামূলক বিচার কার্যক্রমসহ অবৈধ ইউনূস সরকারের গৃহীত সব সিদ্ধান্ত, পদক্ষেপ ও কার্যক্রম স্থগিত ও বাতিল ঘোষণা করতে হবে। রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলায় বন্দি জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ সব রাজবন্দিকে মুক্তি দিতে হবে। সব রাজনৈতিক দলের কার্যক্রম পরিচালনায় বাধা ও নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। 

বিবৃতিতে দেশে রাজনৈতিক স্বাভাবিকতা, শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য দ্রুততম সময়ের মধ্যে সংবিধান অনুযায়ী নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। 

আরও পড়ুন

×