ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এনসিপি নেত্রী রাফিয়া রাফির মৃত্যু

এনসিপি নেত্রী রাফিয়া রাফির মৃত্যু
×

এনসিপি নেত্রী রাফিয়া রাফি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬ | ১৭:৪০

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাফিয়া ২০১৯ সালে ঢাবির রোকেয়া হল সংসদের নির্বাচনে প্রার্থী ছিলেন।

২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্র সংসদ নির্বাচনে নুর-রাশেদ-ফারুক পরিষদে রোকেয়া হল সংসদের সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থী হন রাফিয়া। তিনি ২০২৪ সালের আন্দোলনেও সক্রিয় ছিলেন। পরে তিনি এনসিপির রাজনীতিতে সক্রিয় হন। তার দুই শিশু সন্তান রয়েছে বলে জানা গেছে। 

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আসরের নামাজের পর বগুড়ার গাবতলীর আটবাড়িয়া পীরগাছায় তার বাবার বাড়িতে জানাজা হবে। এছাড়াও বগুড়ায় এনসিপি কার্যালয়ের সামনেও তার জানাজা হবে।

এনসিপির শোকবার্তায় বলা হয়েছে, তাঁর এই অকাল মৃত্যুতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গভীর শোক প্রকাশ করছে। তাঁর মৃত্যুতে দল একজন সাহসী, নিবেদিতপ্রাণ ও আদর্শনিষ্ঠ সহযোদ্ধাকে হারাল, যা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। রাফিয়া সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ সেশনের একজন শিক্ষার্থী ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি অন্যায়, ফ্যাসিবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে সক্রিয় অবস্থান গ্রহণ করেন। ক্যাম্পাসে সংঘটিত ফ্যাসিবাদবিরোধী ও আগ্রাসনবিরোধী বিভিন্ন আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত সক্রিয় ও অগ্রগণ্য, যা তাঁর সংগ্রামী চরিত্রের উজ্জ্বল দৃষ্টান্ত।

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে রাফিয়া রাফির মৃত্যুতে শোকপ্রকাশ করেন এবং সবার কাছে তার আত্মার মাগফেরাত কামনা করেন।  

আরও পড়ুন

×