ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

তেল আছে শুধু সংসদে: বিরোধীদলীয় নেতা

তেল আছে শুধু সংসদে: বিরোধীদলীয় নেতা
×

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬ | ২০:০৬

সরকারের তদারকি না থাকায় জ্বালানি সংকট তীব্র হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেছেন, তেল আছে শুধু সংসদে। সংসদে যখন মন্ত্রীরা, সরকারি দলের এমপিরা বক্তব্য দেন, তখন মনে হয় তেলের ওপর বাংলাদেশ ভাসছে। 

শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অ্যাগ্রিকালচারিস্টস ফোরাম অব বাংলাদেশ আয়োজিত ‘বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব; উত্তরণের উপায় শীর্ষক’ সেমিনারে এ কথা বলেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। 

ইরান যুদ্ধের কারণে জ্বালানি আমদানি ব্যাহত হয়েছে বলে জানিয়েছে সরকার। তবে চাহিদার তুলনায় সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে দাবি সরকারের। যদিও মাসখানেক ধরেই তেলের পাম্পগুলোতে হাজার হাজার গাড়ি, মোটরসাইকেলের লাইন দেখা যাচ্ছে। 

শফিকুর রহমান অভিযোগ করেছেন, রাজনৈতিক সিন্ডিকেটের কারণে এ অবস্থা তৈরি হয়েছে। তিনি বলেছেন, এই সিন্ডিকেট খোলাবাজারে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করছে। এর প্রভাব রয়েছে কৃষিতেও। বিশেষ করে সেচের জন্য জ্বালানির ওপর নির্ভরতা বেশি হওয়ায় সংকট দীর্ঘ হলে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। জ্বালানি খাতে কার্যকর নজরদারি জোরদার না করলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিরোধীদলীয় নেতা বলেছেন, বিভিন্ন খাতে ‘গোঁজামিল’ দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। ব্যাংকিং খাতেও বাস্তবতা ও হিসাবের মধ্যে অমিল রয়েছে। 

শনিবার কৃষিবিদ ইনস্টিটিউটের তলবি বৈঠকে বিএনপিপন্থি কৃষিবিদদের দুই পক্ষের মারমারিতে সভা পণ্ড হয় সভাপতিত্ব নিয়ে। এ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এখানে নেতৃত্ব দখলের চেষ্টার অভিযোগ পাওয়া যাচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত। যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসাতে হবে। 

আরও পড়ুন

×