ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

সংসদেও উত্তাপ, জামায়াতের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ

সংসদেও উত্তাপ, জামায়াতের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬ | ০৮:৫১ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ | ১২:৪২

| প্রিন্ট সংস্করণ

সরকারকে নাজেহাল করতে বিরোধী দল জামায়াতের বিরুদ্ধে সংসদের ভেতরে-বাইরে চক্রান্ত শুরুর অভিযোগ তুলেছেন বিএনপিদলীয় সদস্য আব্দুল ওয়াদদু ভূঁইয়া। তিনি জামায়াতকে উদ্দেশ করে বলেন, বিএনপিকে যারা ভোট দিয়েছে, তারা আঙুল চুষবে না। তারা তাকিয়ে থাকবে না। এ সময় জামায়াতের এমপি হইচই করে ওঠেন।

গতকাল বুধবার সংসদের বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব মন্তব্য করেন তিনি। বিএনপি এমপির এই মন্তব্য বিশৃঙ্খলাকে উস্কে দেওয়ার চেষ্টা বলে তাৎক্ষণিক প্রতিবাদ জানান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি ওয়াদুদ ভূঁইয়ার মন্তব্যকে অসংসদীয় হিসেবে দাবি করে তা এক্সপাঞ্জের দাবি জানান।  

তবে বিএনপি এমপির এই মন্তব্যকে ‘রাজনৈতিক বক্তব্য’ হিসেবে বিবেচনার আহ্বান জানিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, অসংসদীয় কোনো শব্দ ব্যবহৃত হলে পরীক্ষা করে বাদ দেওয়া হবে।    

আব্দুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদলের ওপর শিবির হামলা করেছে। ছাত্রদলের অপরাধ, তারা শুধু বলেছে ‘গুপ্ত’। সেই জন্যই তারা ছাত্রদলের ওপর হামলা করে দেশের গণতন্ত্রের ওপর আঘাত হেনেছে।

বিরোধীদলীয় সদস্যদের উদ্দেশ করে খাগড়াছড়ির এ এমপি আরও বলেন, এই সংসদের বিরোধী দলের ভাইয়েরা সংসদের ভেতরে ও বাইরে এ সরকারকে নাজেহাল করার জন্য যে চক্রান্তের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একাত্তরের স্বাধীনতা যুদ্ধকে তারা মেনে নিতে পারেনি। যারা একাত্তরের স্বাধীনতা মেনে নিতে পারে না, তারা দেশের উন্নয়ন চাইতে পারে না। 

তাঁর বক্তব্যের সময় বিরোধী দলের সদস্যরা হইচই এবং বাধার চেষ্টা করলে আব্দুল ওয়াদুদ বলেন, বিরোধী দল ক্ষেপে উঠেছে। গণতান্ত্রিকভাবে কথা বলার অধিকার দিতে চায় না। চট্টগ্রামে ছাত্রদল কী বলেছে– গুপ্ত বলেছে। সংসদে আমরা কথা বলার জন্য আসছি। তারা আজকে কণ্ঠ চেপে ধরতে চায়। ফ্যাসিস্টদের মতো গলা চেপে ধরতে চায়। তার প্রকাশ এখানে হচ্ছে। বিরোধী দলের আচরণে মনে হচ্ছে, তারা দেশের শান্তি ও স্থিতিশীলতা চায় না। 

এ সময়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ফ্লোর নিয়ে এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, যে অসংসদীয় ভাষা এখানে ব্যবহার করা হয়েছে তা এক্সপাঞ্জ করা হোক। একজন সংসদ সদস্য সংসদে দাঁড়িয়ে যে হুমকির ভাষায় কথা বললেন, এতে আমরা আঘাত পেয়েছি। আমরা ক্ষোভ প্রকাশ করছি। জনগণ বসে থাকবে না? তার মানে কী? তিনি কী উস্কে দিচ্ছেন জনগণকে বিশৃঙ্খলার দিকে? এগুলো সংসদীয় আচরণ নয়।  

পরে জামায়াতের আরেক সদস্য মিজানুর রহমান (চাঁপাইনবাবগঞ্জ-২) চট্টগ্রামের সিটি কলেজে ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, কারও ওপর দায় না চাপিয়ে সত্যতা যাচাই করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে।
 

আরও পড়ুন

×