ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার আগে সত্যতা যাচাই জরুরি: মাহদী আমিন

সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার আগে সত্যতা যাচাই জরুরি: মাহদী আমিন
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬ | ২১:৪৭

যে কোনো সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার আগে সত্যতা যাচাই করা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। সাম্প্রতিক ঘটনায় বিএনপি নেতাকর্মীদের তাৎক্ষণিক বহিষ্কারের ঘটনায় তিনি এমন মন্তব্য করেন।

শুক্রবার নিজের ফেসবুক আইডিতে এ-সংক্রান্ত পোস্টে তিনি বলেন, যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া বা সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার আগে পূর্ণাঙ্গ তথ্য-উপাত্ত সংগ্রহ এবং সত্যতা যাচাই করা জরুরি।

তার দাবি, ওইসব ঘটনায় শুরুতে বিএনপিকে জড়ানো হলেও পরবর্তীতে সেসব ঘটনা আংশিক সত্য কিংবা পুরোপুরি মিথ্যা প্রমাণিত হয়। যার প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন প্রত্যেক ঘটনার সত্যতা আগে যাচাইয়ের উপর গুরুত্ব দেন।

তিনি বলেন, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী অনেক সময় আংশিক ভিডিও বা ছবি ছড়িয়ে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালায়। পাশাপাশি, গণঅভ্যুত্থানের পরও অশালীন আচরণ ও অশ্রাব্য ভাষাকে রাজনৈতিক কৌশল হিসেবে ধারণ করে তারা যে জনমানব থেকে বিচ্ছিন্ন, তা সোশ্যাল মিডিয়া হাইপের বিপরীতে নির্বাচনী ফলাফলেই প্রমাণিত। সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিদের নিয়ে নামে-বেনামে, নিজ বা ভিন্ন পরিচয়ে, ধারাবাহিকভাবে আপত্তিকর শব্দচয়ন এক ধরনের গুপ্ত স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ।

মাহদী আমিন বলেন, গঠনমূলক রাজনীতির স্বার্থে এখন প্রয়োজন সংযত ভাষা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ইতিবাচক আলোচনার সংস্কৃতি গড়ে তোলা। বিরোধী দলের মনে রাখা প্রয়োজন, মতভিন্নতা থাকতেই পারে। কিন্তু তা প্রকাশের ক্ষেত্রে শালীনতা ও দায়িত্ববোধ বজায় রাখা জরুরি। ন্যায়সঙ্গত অবস্থান ও সুস্থ রাজনৈতিক চর্চাই একটি গণতান্ত্রিক সমাজকে শক্তিশালী করে।

আরও পড়ুন

×