ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

৪৫ কমিটি ঘোষণা

বিভিন্ন স্থানে ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ

বিভিন্ন স্থানে ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০২৬ | ২০:৩১

সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে এবার একযোগে ৪৫ কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং জেলা ও মহানগরে এসব কমিটি দেওয়া হয়েছে। গতকাল শনিবার মধ্যরাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত আলাদা বিজ্ঞপ্তিতে এসব কমিটি ঘোষণা করা হয়। 

তবে এসব কমিটিতে জায়গা হয়নি অনেক ত্যাগী নেতাকর্মীর। এতে কেন্দ্র থেকে তৃনমূলের অনেকেই সামাজিকমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। রাজধানীর নয়াপল্টনসহ কয়েকটি স্থানে বিক্ষোভ করেছেন বঞ্চিতরা।  

ঢাকা মহানগরের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম–এই চারটি গুরুত্বপূর্ণ ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। এছাড়া ময়মনসিংহ ও কুমিল্লা মহানগর, ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা, জামালপুর, নেত্রকোনা, মানিকগঞ্জ, নরসিংদী, হবিগঞ্জ, খাগড়াছড়ি ও মানিকগঞ্জ জেলায় পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে। 

রাজশাহী মহানগর, বরিশাল মহানগর, ভোলা, চাঁপাইনবাবগঞ্জ, বরিশাল, নোয়াখালী, কক্সবাজার, যশোর, চাঁদপুর, লক্ষ্মীপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, রাঙামাটি, বান্দরবান, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, পাবনা, ঝালকাঠি, জয়পুরহাট, নওগাঁ ও কুমিল্লা দক্ষিণ জেলার আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় পর্যায়ের মধ্যে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি দেওয়া হয়েছে। এছাড়া রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি এবং বরিশাল, রবীন্দ্র, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে কমিটি দেওয়া হয়েছে। পাশাপাশি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ধিত কমিটি এবং ময়মনসিংহ, সিরাজগঞ্জ ও জামালপুর মেডিকেল কলেজে আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। কলেজের মধ্যে ময়মনসিংহের আনন্দমোহন কলেজে পূর্ণাঙ্গ এবং জয়পুরহাট সরকারি কলেজ, হাজী মিছির আলী ডিগ্রি কলেজ ও নারায়ণগঞ্জ কলেজে আংশিক পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে। অন্যদিকে রাজধানীর ঢাকা কলেজে নতুন বর্ধিত কমিটি অনুমোদন করা হয়েছে। 

ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা জানান, মূলত সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান এবং মাঠপর্যায়ে গতিশীলতা বাড়াতেই এই রদবদল ও নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। 

পদবঞ্চিতদের বিক্ষোভ
এদিকে সদ্য ঘোষিত কমিটিতে পদ বঞ্চিত হয়েছেন বিগত সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় থাকা অনেক ত্যাগী নেতাকর্মী। এ নিয়ে সামাজিকমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন তাদের অনুসারীরা। আজ রোববার দুপুরে পদবঞ্চিত বেশ কয়েকজন নেতাকর্মী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। এছাড়া রাঙামাটি জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা ঘিরে দলটির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। কমিটি ঘোষণার পরপরই পদবঞ্চিতদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে।  কমিটি ঘোষণার পর আজ দুপুরে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে জেলা ছাত্রদলের একাংশ। 

নতুন কমিটি গঠনের পর সামাজিকমাধ্যম ফেসবুকে লাইভে এসে অঝোরে কেঁদেছেন লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. জাহিদ। মুহূর্তেই তাঁর কান্নার ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া ৯ মিনিট ২৪ সেকেন্ডের ভিডিওটিতে কমিটিতে পদ না পাওয়ায় ক্ষোভ ঝাড়তে দেখা যায় তাঁকে। এছাড়া বেশ কয়েকজন কেন্দ্রীয় ছাত্রদল নেতাদের অভিযোগ, ঢাকা মহানগর কমিটিতে ‘মাইম্যান’কে গুরুত্ব দেওয়া হয়েছে। ত্যাগী ও যোগ্য নেতাদের ব্যক্তিগত আক্রোশের কারণে নতুন কমিটিতে জায়গা দেওয়া হয়নি।  যদিও এসব বিষয় নিয়ে কথা বলতে চাননি দায়িত্বশীল নেতারা।

আরও পড়ুন

×