গণসংহতি আন্দোলনের নেতৃত্বে নীলু ও রুবেল বহাল
ছবি : সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ মে ২০২৬ | ০২:৫৯ | আপডেট: ০৯ মে ২০২৬ | ০৩:০১
গণসংহতি আন্দোলনের (জিএসএ) প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) পদে আবদুর রশিদ নীলু ও নির্বাহী সমন্বয়কারী পদে আবুল হাসান রুবেলকে বহাল রেখেছে দলটি।
শুক্রবার সাভার গণস্বাস্থ্য পিএইচএ কনভেনশন সেন্টারে গণসংহতি আন্দোলনের দুদিন ব্যাপী বিশেষ সাংগঠনিক সম্মেলনের শেষ দিনে সমাপনী অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সময় দলের গঠনতন্ত্র সংশোধন এবং ২১ সদস্যের সম্পাদকমণ্ডলী ও ২১৫ সদস্যের জাতীয় পরিষদ ঘোষণা করে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
দলের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে বিশেষ সাংগঠনিক সম্মেলনের সমাপনী অধিবেশনে বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ও দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেলসহ কেন্দ্রীয় নেতারা। সারাদেশ থেকে দলের নেতারা সম্মেলনে যোগ দেন।
২১ সদস্যের সম্পাদকমণ্ডলীতে আরও রয়েছেন প্রচার ও প্রকাশনা সম্পাদক বাচ্চু ভূঁইয়া, আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক দীপক রায়, রাজনৈতিক শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক তরিকুল ইসলাম সুজন, শ্রমখাত বিষয়ক সম্পাদক আলিফ দেওয়ান, জাতিগত বৈচিত্র্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট উবাথোয়াই মারমা, পরিবেশ বিষয়ক সম্পাদক তৌহিদুর রহমান, অর্থ সম্পাদক অপরাজিতা চন্দ, কৃষি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক আবদুল আলীম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুল্লাহ নাদভী, জেন্ডার বিষয়ক সম্পাদক পপি রানী সরকার, আন্তর্জাতিক সম্পাদক ড. নাসির উদ্দীন, জনস্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক রেক্সোনা পারভীন সুমি, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, গণমাধ্যম ও ডিজিটাল বিষয়ক সম্পাদক তাহসিন মাহমুদ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জুলহাসনাইন বাবু, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অঞ্জন দাস, চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শহীদ শিমুল, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাদিক রেজা এবং খুলনা ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জাহিদ সুজন।
এর আগে গত বছরের নভেম্বরে দলের পঞ্চম জাতীয় সম্মেলনে ৫৫ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি নির্বাচিত করা হয়। এই কমিটির প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি দলীয় প্রধান ও মন্ত্রণালয়ের দায়িত্ব একইসাথে পালন না করার নীতিগত সিদ্ধান্ত থেকে গত ৪ এপ্রিল দলীয় প্রধানের পদ ছেড়ে দেন।
সে সময় দলের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব নেন দলের রাজনৈতিক পরিষদের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা দেওয়ান আবদুর রশিদ নীলু।
- বিষয় :
- গণসংহতি আন্দোলন
