আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও হামের প্রাদুর্ভাবে বাসদের উদ্বেগ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ মে ২০২৬ | ১৬:৫২
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও হামে আক্রান্ত হয়ে চার শতাধিক শিশুর মৃত্যুতে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী)। একইসঙ্গে এ বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেছে দলটি। সোমবার বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা এক বিবৃতিতে এই দাবি জানান।
তিনি বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল- এই চার মাসে সারা দেশে প্রায় ১১৭৬টি হত্যাকাণ্ড ঘটেছে। এছাড়া সন্ত্রাস, চাঁদাবাজি, হামলা ইত্যাদি ঘটনা ঘটছে নিয়মিত। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, মানুষ এখন রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছেন। বিশেষ করে ঢাকা শহরের আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে মারাত্মকভাবে।
মাসুদ রানা বলেন, এদিকে হামের প্রাদুর্ভাবের পর সরকারের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় ইতোমধ্যে চার শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। শিশু সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ছেন পিতামাতা, এমন দৃশ্য প্রায় প্রতিদিনই খবরের পাতায় আসছে। স্বাস্থ্যমন্ত্রীর দিক থেকে আশ্বাসবাণী ছাড়া আমরা কিছুই দেখতে পাচ্ছি না।
তিনি বলেন, আমরা অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও হামের চিকিৎসার বিষয়ে কার্যকর পদক্ষেপ দেখতে চাই। বিগত সময়ে আমরা এ সকল বিষয়ে সরকারের উদাসীনতা দেখেছি। দেখেছি মানুষের দুর্ভোগ। গণঅভ্যুত্থান পরবর্তীকালে এটি কাম্য হতে পারে না।
