ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করে শুভেচ্ছা জানালেন জি এম কাদের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করে শুভেচ্ছা জানালেন জি এম কাদের
×

জি এম কাদের ও শুভেন্দু অধিকারী

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২৬ | ১৯:০৬ | আপডেট: ১২ মে ২০২৬ | ১৯:০৭

পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের মাধ্যমে গতকাল সোমবার বিজেপি নেতা শুভেন্দুকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। 

বার্তাটি নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছেন জি এম কাদের। গত রোববার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা মমতা ব্যানার্জিকে হারানো শুভেন্দু। তিনি নির্বাচনের প্রচারে বাংলাদেশ এবং মুসলিমবিদ্বেষী বক্তৃতা দিয়ে সমালোচিত হন। তাঁর জয়ের পর পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর অন্তত ৩৪টি হামলা এবং ১০টি মসজিদ আক্রান্ত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছে ফ্যাক্টচেকার প্রতিষ্ঠানগুলো। প্রায় সব হামলায় বিজেপি জড়িত বলে আক্রান্তদের ভাষ্য। 

তবে জি এম কাদের শুভেচ্ছা বার্তায় বিজেপি নেতা শুভেন্দুর নেতৃত্বের প্রশংসা করেছেন। তিনি বিজেপির জয়কে ঐতিহাসিক এবং মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর দায়িত্ব গ্রহণকে মাইলফলক হিসেবে দেখছেন। জি এম কাদের বলেছেন, এই সাফল্য শুধু বিজেপির জন্য নয়, পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক অভিযাত্রার জন্যও তাৎপর্যপূর্ণ। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, দৃঢ়তা ও অধ্যবসায়ের মধ্য দিয়ে শুভেন্দু অধিকারী জনগণের আস্থা অর্জন করেছেন। 

শুভেন্দুর দৃঢ় নেতৃত্বের প্রশংসা করে জি এম কাদের বলেছেন, নন্দীগ্রাম আন্দোলন থেকে শুরু করে বিধানসভায় ধারাবাহিক দায়িত্ব পালন এবং সংসদ সদস্য হিসেবে দীর্ঘ রাজনৈতিক পথচলায় শুভেন্দু অধিকারী একদিকে যেমন দৃঢ়তার পরিচয় দিয়েছেন, তেমনি তৃণমূল পর্যায়ের মানুষের সঙ্গে গভীর সম্পর্কও গড়ে তুলেছেন।

জি এম কাদের আরও বলেছেন, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, সংস্কৃতি ও পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে। শুভেন্দু অধিকারীর জনমুখী নেতৃত্ব দুই বাংলার মানুষের সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করবে।

আরও পড়ুন

×