আদ-দ্বীনে নবজাতকের মৃত্যুতে গাফিলতি পেলে শাস্তি চায় বিএনপি
হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ মে ২০২৬ | ২২:৫৬ | আপডেট: ২৭ মে ২০২৬ | ২২:৫৭
রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপি স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম। পরিদর্শনে তিনি হাসপাতালের মহাপরিচালক, পরিচালক, সহকারী পরিচালক এবং নবজাতকদের নিবিড় পরিচর্যা ইউনিটের দায়িত্বে থাকা চিকিৎসকদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানতে চান।
এ সময় মৃত নবজাতকদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষকে শিশুদের চিকিৎসা ব্যয় ও হাসপাতালের বিল মওকুফের পাশাপাশি মরদেহ নিজ নিজ বাসস্থানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
সাংবাদিকদের সঙ্গে আলাপে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বলেন, যে মায়েরা সন্তানদের নিয়ে আনন্দের সঙ্গে বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন, এই মর্মান্তিক ঘটনায় তাদের সব আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে। এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা।
তিনি বলেন, ঘটনার পেছনে কারও গাফিলতি বা অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে একই ধরনের জটিলতায় আক্রান্ত অন্য কোনো নবজাতক হাসপাতালে রয়েছে কিনা, তা খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা জরুরি।
৬ নবজাতকের মৃত্যুর ঘটনা জানার পরই ডা. রফিক স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। এর আগে হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটিকে দুর্ঘটনাজনিত বলে দাবি করলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে।
- বিষয় :
- মৃত্যু
- শিশুর মৃত্যু
- শাস্তির দাবি
- বিএনপি
