মার্কিন-বাংলাদেশ ‘অসম বাণিজ্যচুক্তি’ বাতিলের দাবি ওয়ার্কার্স পার্টির
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ জুন ২০২৬ | ২৩:০২
মার্কিন-বাংলাদেশ ‘অসম বাণিজ্যচুক্তি’ বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
শনিবার দলের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মিছিলের আগে দলীয় কার্যালয় প্রাঙ্গণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মানিক।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর আহমদ বকুল অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের আমলে সম্পাদিত মার্কিন-বাংলাদেশ বাণিজ্যচুক্তি জাতীয় স্বার্থের পরিপন্থি। তিনি বলেন, বর্তমান সরকার সংসদে এ বিষয়ে আলোচনা না করে চুক্তি নিয়ে ‘লুকোচুরি’ করছে, যা জনগণ মেনে নেবে না।
নুর আহমদ বকুল দাবি করেন, চুক্তির বিভিন্ন ধারা ও উপধারায় যুক্তরাষ্ট্রের প্রভাব ও কর্তৃত্ব প্রতিষ্ঠার সুযোগ রাখা হয়েছে, যা দেশের অর্থনৈতিক স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হতে পারে। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় স্বার্থবিরোধী যেকোনো চুক্তির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে।
তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকল গণতান্ত্রিক ও দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে মার্কিন-বাংলাদেশ বাণিজ্যচুক্তি বাতিলের পাশাপাশি ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের মুক্তির দাবিও জানানো হয়।
- বিষয় :
- ওয়ার্কার্স পার্টি
- মিছিল-সমাবেশ
