সিপিবির বিক্ষোভ সমাবেশ
দেশকে আমেরিকার করদ রাজ্যে পরিণত করার চক্রান্ত চলছে
রাজধানীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) বিক্ষোভ সমাবেশ। ছবি- সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ২২:২১
যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করার ঘটনায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সোমবার রাজধানীর পল্টন মোড়ে সিপিবির বিক্ষোভ সমাবেশে দলটির নেতারা বলেছেন, দেশকে আমেরিকার ‘করদ রাজ্যে’ পরিণত করার চক্রান্ত চলছে। দেশবাসীকে এই চক্রান্ত রুখতে হবে।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ ব্যবহারের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে এই সমাবেশের আগে বিক্ষোভ মিছিলও করেছে বামপন্থি এই দলটি।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস সাধারণত ঢাকায় দেশটির দূতাবাস প্রাঙ্গণ বা বিভিন্ন অভিজাত হোটেলে উদযাপন করা হতো। আগের বছরগুলোতে রাজধানীর গুলশানের জাস্টিস সাহাবুদ্দীন আহমেদ পার্ক বা আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা প্রাঙ্গণেও এই আয়োজন হয়েছে। তবে এবারই প্রথম জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্বাধীনতা দিবসের আয়োজন করা হয়। এ নিয়ে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নিন্দা প্রতিবাদ জানানোর পাশাপাশি বিক্ষোভ কর্মসূচি পালন করছে।
সিপিবির সমাবেশে সভাপতির বক্তব্যে দলটির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত দেশবিরোধী বাণিজ্য চুক্তি বাতিল করা হয়নি। এর বদলে ক্ষমতাসীন সরকার মার্কিন তোষণনীতি অবলম্বন করছে। নজিরবিহীনভাবে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে এই উদযাপন তারই সাক্ষ্য বহন করে।
সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সামরিক জান্তার প্রত্যক্ষ রাজনৈতিক ও সামরিক সহযোগী ছিল যুক্তরাষ্ট্র। সেই রাষ্ট্রের স্বাধীনতা দিবস পালনের জন্য জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ ব্যবহারের অনুমতি মুক্তিযুদ্ধের চেতনা এবং শহীদদের আত্মত্যাগের প্রতি অবমাননা। এই ধৃষ্টতাপূর্ণ কর্মকাণ্ডের জন্য দায়ীদের অবিলম্বে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন রাগীব আহসান মুন্না, জলি তালুকদার, লুনা নূর, সম্পাদক মঞ্জুর মঈন প্রমুখ। সমাবেশ থেকে এ ঘটনার প্রতিবাদে ও অবিলম্বে দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে আগামীকাল বুধবার সারাদেশে জেলা-উপজেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।
ওয়ার্কার্স পার্টির ক্ষোভ
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিও একই ঘটনায় ক্ষোভ জানিয়েছে। গতকাল ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মানিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর আহমদ বকুল এক বিবৃতিতে বলেন, এই অনুষ্ঠান সরকারি ও বিরোধী দলের যৌথভাবে অংশগ্রহণ ছিল মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে কটাক্ষ করা। এটি সমমর্যাদার কূটনৈতিক নীতি বিসর্জন দিয়ে মার্কিন সাম্রাজ্যবাদী তোষণনীতির বহিঃপ্রকাশ।
- বিষয় :
- সিপিবি
- বিক্ষোভ সমাবেশ