গণভোটের রায় কার্যকরের দাবি জামায়াত জোটের নেত্রীদের
ছবি : সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ জুলাই ২০২৬ | ০০:৪০
গণভোটের রায় অনুযায়ী দ্রুত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নারী নেত্রীরা।
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে গতকাল সোমবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে জোটে আলোচনায় সভা থেকে তারা এ দাবি জানান।
এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান। এতে সভাপতিত্ব করেন জামায়াতের মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম এমপি। বিশেষ অতিথি ছিলেন এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি।
সভায় বক্তব্য দেন এনসিপির জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন, লেবার পার্টির যুগ্ম মহাসচিব সাবিনা ইয়াসমিন, জামায়াতের মহিলা বিভাগের পলিটিক্যাল সেক্রেটারি ডা. হাবিবা চৌধুরী সুইট, বিডিপির কার্যনির্বাহী কমিটির সদস্যা অ্যাডভোকেট মাহবুবা আক্তার, এলডিপির উপদেষ্টা অধ্যাপক মোছাম্মাৎ কারিমা খাতুন, ডাকসুর কার্যনির্বাহী সদস্য সাবিকুন্নাহার তামান্না, জুলাই শহীদ শাহরিয়ার হোসেনের স্ত্রী রাজিয়া সুলতানা, শহীদ নাজমুল কাজীর স্ত্রী মারিয়া সুলতানা প্রমুখ।
জামায়াতের মহিলা বিভাগের প্রচার সেক্রেটারি নাজমুন নাহার নিলু এমপির সঞ্চলানায় সভার উদ্বোধন করেন জুলাই শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম এমপি।
ব্যারিস্টার তাসমিয়া বলেন, বিএনপি গণভোটের সঙ্গে বেইমানি করেছে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে। এর চেয়ে বড় প্রতারণা আর হতে পারে না। জুলাই শহীদদের সঙ্গে নিয়ে বেইমানির বিরুদ্ধে আরেকটি আন্দোলন হবে।
জামায়াতের মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি সাইদা রুম্মান বলেন, চব্বিশের অভ্যুত্থানের সংসদ, সরকার গঠিত হয়েছে। যতদিন গণভোটের রায় বাস্তবায়ন না হবে- ততদিন পর্যন্ত আমরা স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারবো না।
মনিরা শারমিন বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করে শহীদ ও জুলাইয়ের প্রতি সরকারের দায়বদ্ধতা প্রমাণ করতে হবে।
মাহমুদা মিতু বলেন, আবু সাঈদ, মুগ্ধসহ অনেক শহীদের নাম আমাদের স্মরণ থাকলেও, নারী শহীদদের নাম স্মরণ করতে ভুলে যাই। এটি বেদনাদায়ক।
সভাপতির বক্তব্যে মারজিয়া বেগম বলেন, তরুণ প্রজন্ম শিখিয়েছে কীভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। জুলাই সনদ বাস্তবায়ন করে ছাড়ব।
- বিষয় :
- গণভোট
- জুলাই জাতীয় সনদ
- জামায়াতে ইসলামী