ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

ভিডিও ভাইরাল

এমপি গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত 

এমপি গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত 
×

গাজী মো. নজরুল ইসলাম

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬ | ১৭:৪৪ | আপডেট: ২২ জুলাই ২০২৬ | ২০:৫৬

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী মো. নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। বুধবার দলের আমির শফিকুর রহমানের সভাপতিত্বে জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। 

তিনবারের এমপি গাজী নজরুল জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য। তাকে জামায়াতের রুকন (সদস্য), কেন্দ্রীয় শুরাসহ সব পদ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন দলটির নেতারা। 

সংবাদমাধ্যমের নজর এড়াতে বুধবার রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠক হয়।

জামায়াত সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের পর সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়। তাকে জামায়াতের গঠনতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত হয়। 

গত সোমবার রাতে ৭৫ বছর বয়সী গাজী নজরুলের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে থাকা ১৮ বছরের তরুণীকে তার দ্বিতীয় স্ত্রী দাবি করেন গাজী নজরুল। ওই তরুণী জানান, ১৭ জুন গাজী নজরুলের সঙ্গে তার বিয়ে হয়েছে। তরুণীর বাবা এবং গাজী নজরুলের প্রথম স্ত্রী একই কথা জানান। 

যদিও বিয়ের কাজী বদরুল আলম মো. বাকী বিল্লাহ জানিয়েছেন, ১৭ জুন নয় বিয়ের নিবন্ধন হয়েছে ১৯ জুলাই। এতে বিতর্ক সমালোচনা আরও বাড়ে। যদিও বাংলাদেশের আইন অনুযায়ী বিয়ে আগে করে, পরবর্তীতে তা নিবন্ধনে বাধা নেই। তবে ৩০ দিনের মধ্যে নিবন্ধন না করলে দুই বছর কারাদণ্ডের বিধান রয়েছে। এর মধ্যেই জামায়াত বহিষ্কার করল গাজী নজরুলকে।

তরুণীকে ১৭ জুন বিয়ে করার কথা বললেও, গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর একটি জীবন বৃত্তান্ত পাওয়া গেছে। যাতে চাকরির জন্য জোর সুপারিশ করেন তিনবারের এমপি নিজেই। ২২ জুনের স্বাক্ষর রয়েছে। এতে ওই তরুণীর বৈবাহিক অবস্থা লেখা, অবিবাহিত। তার দাবি, জীবন বৃত্তান্তটি বিয়ের আগে তৈরি। তাতে পরে সই করেন তার স্বামী।

কী চাকরির জন্য আবেদন করেছিলেন- এই প্রশ্নে ওই তরুণী গত মঙ্গলবার সমকালকে বলেছিলেন, ছোটখাট বেসরকারি চাকরির জন্য বিভিন্ন জায়গায় জীবনবৃত্তান্ত দিয়েছেন।

একজন এমপির স্ত্রীর কী ছোটখাট বেসরকারি চাকরির প্রয়োজন রয়েছে কিনা, চাকরি দেওয়ার কথা বলে এমপি তাকে বিয়ে করেছেন কিনা- প্রশ্নে এমপির দ্বিতীয় স্ত্রী বলেছেন, তিনি পরিবারের মতামতে স্বেচ্ছায় বিয়ে করেছেন।

তবে বুধবার বহিষ্কারের সিদ্ধান্তের পর গাজী নজরুল এবং তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে কথা বলতে পারেনি সমকাল। দুইজনেরই ফোন বন্ধ পাওয়া গেছে।

 

আরও পড়ুন

×