ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

সাতক্ষীরার আ.লীগ নেতা নজরুল ইসলাম ঢাকায় গ্রেপ্তার

সাতক্ষীরার আ.লীগ নেতা নজরুল ইসলাম ঢাকায় গ্রেপ্তার
×

প্রতীকী ছবি

‎‎সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ | ০৩:৫৩

‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১২টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।

ডিবিপ্রধান জানান, নজরুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, নজরুল ইসলাম আওয়ামী লীগ সরকারের সময় ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। এর আগে তিনি সাতক্ষীরা সদর উপজেলার চেয়ারম্যান ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন। তাঁর বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় চারটি মামলা রয়েছে। হত্যাসহ বিভিন্ন ধারায় এসব মামলা করা হয়।

জানা যায়, নজরুল ইসলাম ১৯৫৩ সালে সাতক্ষীরা সদর উপজেলার উত্তর ফিংড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম আব্দুল জব্বার। তবে তিনি শহরের সুলতানপুর এলাকায় বাস করতেন। তিনি ২০১৩ সাল থেকে আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

আরও পড়ুন

×