ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ছাত্রদল ক্যাম্পাসে আবার সন্ত্রাস করছে: নাহিদ

ছাত্রদল ক্যাম্পাসে আবার সন্ত্রাস করছে: নাহিদ
×

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি- সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬ | ২৩:৫০

শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল আবার সন্ত্রাস করছে করছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ক্যাম্পাসগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্য করা হচ্ছে। আবারও হল দখলের পাঁয়তারা চলছে। ক্যাম্পাস নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তারের চেষ্টা শুরু হয়েছে।

বিরোধীদলীয় চিফহুইপ নাহিদ বলেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ প্রতিনিধি, ছাত্রশক্তির নেতৃত্বের ওপর হামলা করা হয়েছে। ঢাকা কলেজ, ঢাকা আলিয়া মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে ছাত্রদল ও তাদের সন্ত্রাসী বাহিনী। হবিগঞ্জে আমাদের ভাই আলিফের চোখ উপড়ে ফেলেছে।

জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার রাজধানীর আফতাবনগরের একটি কনভেনশন সেন্টারে জাতীয় ছাত্রশক্তি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ‍‘ফ্রম রেজিস্ট্যান্স টু ভিক্টরি : লিগ্যাসি অফ জুলাই’ শীর্ষক আলোচনায় সভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম। 

সরকারকে অতীত থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, ছাত্রদের সঙ্গে ঝামেলায় জড়াবেন না। শিক্ষার্থীদের নির্বিঘ্নে পড়াশোনা করতে দিন। শিক্ষা প্রতিষ্ঠানের গণতান্ত্রিক ধারা বজায় রাখুন। কর্মসংস্থানের ব্যবস্থা করুন। এই সরকার মনে করছে, তারা ক্ষমতায় আছে, সব দখল করবে। এটা শেখ হাসিনা ভেবেছিল, এর পরিণতি আপনারা দেখেছেন।

জুলাই গণঅভ্যুত্থানের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবদান তুলে ধরে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, বিশ্ববিদ্যালয় ছিল গণঅভ্যুত্থানের ট্রাম্প কার্ড। স্বৈরাচারী সরকার ভাবতেই পারেনি, প্রাইভেটের শিক্ষার্থীরা এভাবে নেমে আসবে। ১৭ জুলাই দমনপীড়নের পর সবাই ভেবেছিল, আন্দোলন আর সামনে এগিয়ে নেওয়ার মতো কেউ নেই। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আত্মত্যাগকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রাইভেট এর ভূমিকার স্বীকৃতি প্রয়োজন। দুঃখের বিষয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে এ সরকার কোনো উদ্যোগ গ্রহণ করেনি।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্যসচিব রাফে সালমান রিফাত, ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার প্রমুখ বক্তৃতা করেন।

আরও পড়ুন

×