ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

‘এক দফা ছিল জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন, কোনো ব্যক্তির ঘোষণা নয়’

অনুষ্ঠানে নুরুল হক নুর

‘এক দফা ছিল জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন, কোনো ব্যক্তির ঘোষণা নয়’
×

যুব অধিকার পরিষদের নবগঠিত কেন্দ্রীয় কমিটির পরিচিত সভা ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া মাহফিল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬ | ২০:৪৯ | আপডেট: ০৭ আগস্ট ২০২৬ | ২০:৫০

বাংলাদেশ যুব অধিকার পরিষদের নবগঠিত কেন্দ্রীয় কমিটির পরিচিত সভা এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, ‌‘এক দফার ঘোষণা কোনো একক ব্যক্তির নয়, এটি এ দেশের সাধারণ জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। দেশের সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি, প্রত্যাশা ও অধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা থেকেই এক দফার বিষয়টি সামনে এসেছে। এটি কোনো ব্যক্তি বিশেষের সিদ্ধান্ত নয়; বরং জনগণের রাজনৈতিক ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ।’

নুরুল হক নুর বলেন, গণঅধিকার পরিষদ এমপি-মন্ত্রী হওয়ার জন্য সরকারের সঙ্গে যায়নি। ক্ষমতা কিংবা পদ-পদবির জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্রের বিকাশ এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই দলটি রাজনীতি করছে। দেশের তরুণ সমাজকে রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে এগিয়ে আসতে হবে। নতুন প্রজন্মের নেতৃত্বে বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 

যুব অধিকার পরিষদের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, নতুন নেতৃত্বের ওপর সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গণমুখী করার দায়িত্ব রয়েছে। মানুষের পাশে থেকে তাদের অধিকার ও ন্যায্য দাবির পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। সভাপতির বক্তব্যে বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি নাদিম হাসান বলেন, ৩ আগস্ট শহীদ মিনারে জনগণ এক দফার সিদ্ধান্ত নিয়েই গিয়েছিল, কারও ঘোষণার জন্য অপেক্ষা করেনি।

তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার পিয়ন যেখানে ৪০০ কোটি টাকা আত্মসাৎ করে, গণঅভ্যুত্থানের পর একজন উপদেষ্টার পিয়নের বিরুদ্ধেও ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। তাহলে পরিবর্তন কোথায় হলো?

নাদিম হাসান আরও বলেন, ক্রেডিটের রাজনীতি ও আওয়ামী বয়ান যারা এখন প্রতিষ্ঠা করতে চায়, তারাই গণঅভ্যুত্থানের মর্যাদা ক্ষুণ্ন করেছে। তারাই জুলাই অভ্যুত্থান-পরবর্তী অনৈক্যের মূল নায়ক। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কিংস পার্টি গঠন করে আজ তারা গণতন্ত্রের ছবক দিচ্ছে, যা তাদের ভণ্ডামির পরিচয়।

বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, মুখপাত্র আবু হানিফ, যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি মনজুর মোর্শেদ মামুন, সহসভাপতি আবু বকর সিদ্দিক, এরশাদুল হক ও সকাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ প্লাবন আহমেদ, হাবিবুর রহমান ও আতিকুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ফখরুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের সভাপতি রাহুল ইসলামসহ বিভিন্ন যুব সংগঠনের নেতারা।

আরও পড়ুন

×