ঢাকা শনিবার, ১৫ আগস্ট ২০২৬

পুলিশি বাধায় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে পারেনি বাংলাদেশ জাসদ

অফিস সহকারীকে আটকের দাবি

পুলিশি বাধায় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে পারেনি বাংলাদেশ জাসদ
×

বাংলাদেশ জাসদ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ | ২১:০০ | আপডেট: ১৫ আগস্ট ২০২৬ | ২১:৩৩

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীর কর্মসূচি ঘিরে রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নিয়েছে পুলিশ। পুলিশের বাধায় শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি পালন করতে পারেনি দলটি। এ সময় কার্যালয় থেকে অফিস সহকারী আউয়ালকে (৩৫) আটক করে নিয়ে গেছে পুলিশ। তবে, আটকের বিষয়টি পুলিশ নিশ্চিত করেনি। 

বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান সন্ধ্যায় সমকালকে বলেন, প্রতি বছরের মতো এবারও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকীর দিন শনিবার বিকেল ৫টায় তোপখানা রোডের শিশু কল্যাণ পরিষদ চত্বরের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি রেখেছিলেন তারা। কিন্তু সকাল থেকেই শাহবাগ থানা পুলিশের একটি দল কার্যালয়টির ভেতরে এবং সিঁড়িসহ গোটা এলাকায় অবস্থান নেয়। 

তিনি আরও বলেন, এ সময় কোনো কর্মসূচি পালন করা যাবে না জানিয়ে ভবনটি তালাবদ্ধ করার চেষ্টা করে পুলিশ। উপস্থিত নেতাদের সঙ্গে এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে আউয়ালকে আটক করে নিয়ে যায় পুলিশ।

পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম বলেন, ‘আমরা শুনতে পেরেছিলাম তারা সেখানে কোনো প্রোগ্রাম করবে। কিন্তু সেখানে কোনো ধরনের প্রোগ্রাম করার ক্ষেত্রে আমাদের কাছে কোনো অনুমতি নাই।’ সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটা ডেপ্লয়মেন্ট না, কোনো প্রোগ্রাম ঘিরে যাতে অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটে সেজন্য পুলিশ তৎপর রয়েছে।’

এর আগে ১৫ আগস্ট সংঘটিত হত্যাকাণ্ডের ‘তীব্র নিন্দা’ জানিয়ে শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ জাসদ বলেছিল, ‘বাংলাদেশের ইতিহাসে এমন বর্বর ঘটনা এক অমোচনীয় কলঙ্ক হিসেবেই থেকে যাবে। দেশে আইনের শাসন, ন্যায়বিচার ও গণতন্ত্র নিশ্চিত করার মাধ্যমেই জাতির এ কলঙ্ক দূর করা সম্ভব।’

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হতো। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। পরে ২০২৪ সালে দায়িত্ব নেওয়ার পর ‘জাতীয় শোক দিবস’ হিসেবে ১৫ আগস্টের ছুটি বাতিল ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকার। চলতি বছরের ফেব্রুয়ারিতে ক্ষমতায় আসা বিএনপি সরকারও ছুটি বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে।

আরও পড়ুন

×