ছয় দাবিতে জামায়াত জোটের লংমার্চ, শাপলা চত্বর থেকে লালদীঘি
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬ | ২০:০৭ | আপডেট: ২৫ আগস্ট ২০২৬ | ২০:৩৬
ছয় দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকার মতিঝিলের শাপলা চত্বর থেকে চট্টগ্রামের লালদীঘি পর্যন্ত লংমার্চ করবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। হাজারো যানবাহনের বহর নিয়ে এ কর্মসূচি পালন করা হবে। পথে অন্তত ছয় থেকে সাতটি স্থানে পথসভা করবেন জোটের শীর্ষ নেতারা।
মঙ্গলবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। লংমার্চের প্রস্তুতি ও কর্মসূচি সম্পর্কে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জোটের ছয় দাবি হলো, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সারের সংকট নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দলীয়করণমুক্ত প্রশাসন নিশ্চিত করা।
মিয়া গোলাম পরওয়ার বলেন, লংমার্চ হবে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচি। কোনো ধরনের উসকানির সুযোগ না দিয়ে দেশবাসী এ কর্মসূচি সফল করবে বলে আশা করেন তিনি।
তিনি জানান, ৫ সেপ্টেম্বর শনিবার সকাল ৭টায় মতিঝিলের শাপলা চত্বরে ১১ দলের নেতাকর্মীরা সমবেত হবেন। সেখান থেকে যাত্রা শুরু করে রাত ১০টা থেকে ১১টার মধ্যে চট্টগ্রামের লালদীঘিতে পৌঁছানোর লক্ষ্য রয়েছে। পথে অন্তত ছয় থেকে সাতটি স্থানে জোটের শীর্ষ নেতারা পথসভায় বক্তব্য দেবেন।
লংমার্চ সফল করতে ছয় দফা দাবিতে পোস্টার, লিফলেট ও প্রচারণা চালানো হচ্ছে। প্রস্তুতির অংশ হিসেবে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত নয়টি জেলা ও মহানগর শাখার নেতাদের নিয়ে বৈঠকও করা হয়েছে বলে জানান গোলাম পরওয়ার।
তিনি বলেন, লংমার্চের বহর ঢাকা থেকে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা ও ফেনী হয়ে চট্টগ্রামে যাবে। পথে সংশ্লিষ্ট মহানগর ও জেলা শাখার নেতাকর্মীরা কর্মসূচিতে যুক্ত হবেন। এতে ছাত্র, যুব ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেবেন।
লংমার্চের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ১১-দলীয় জোট ঘোষিত চারটি লংমার্চ কর্মসূচির সময়সূচি পুলিশকে লিখিতভাবে জানানো হয়েছে।
তিনি জানান, সেপ্টেম্বর ও অক্টোবরে আরও তিনটি লংমার্চ কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে ঢাকা-খুলনা, ঢাকা-রংপুর ও ঢাকা-সিলেট রুটে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে।
লংমার্চকে কেন্দ্র করে সম্ভাব্য জনদুর্ভোগের জন্য দেশবাসীর কাছে আগাম দুঃখ প্রকাশ করে গোলাম পরওয়ার বলেন, ‘দেশ, জাতি ও গণতন্ত্রের স্বার্থে যাদের একটু কষ্ট হবে, একটু যানজট হবে, একটু ভোগান্তি হবে, তাদের কাছে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি।’
সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিনসহ দল ও জোটের নেতারা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- ১১ দলীয় জোট