ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

বিদ্যুত-গ্যাস-সার সংকট সমাধানে সরকার ব্যর্থ: জামায়াত জোট 

বিদ্যুত-গ্যাস-সার সংকট সমাধানে সরকার ব্যর্থ: জামায়াত জোট 
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬ | ২২:১৫

বিএনপি সরকার ছয় মাসে জনদুর্ভোগ, বিদ্যুত-গ্যাস-সার সংকট সমাধানে ব্যর্থতার প্রমাণ দিয়েছে বলে অভিমত জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের। সরকার গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা দেখাতেও ব্যর্থ হয়েছে মন্তব্য করে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সংসদে ও বাইরে বিরোধীদলকে নিয়ে কটু কথা, বিরোধীদলীয় এমপিদের উপর হামলা চালাচ্ছে। আশা করছি গণতন্ত্রকে সমুন্নত রাখতে বিরোধীদলের গণতান্ত্রিক কর্মসূচি লংমার্চে সরকার বাধা সৃষ্টি করবে না। 

ছয় দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ১১ দল ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত যে লংমার্চ করতে যাচ্ছে- এর প্রস্তুতি জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন গোলাম পরওয়ার। রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে এই সংবাদ সম্মেলন হয়। জাময়াত সেক্রেটারি জেনারেল বলেছেন, লংমার্চে সহযোগিতা করে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা দেখানোরও সুযোগ তৈরি হয়েছে সরকারি দলের জন্য। 

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং  দলীয়করণ বন্ধের দাবিতে লংমার্চ করবে জামায়াত জোট।

বিএনপির একাধিক এমপি- মন্ত্রী ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান দাবি করেছেন, বিরোধীদলের লংমার্চে এক লাখ লিটার জ্বালানি তেল অপচয় হবে। যা দেশের চলমান জ্বালানি সংকটের সঙ্গে তামাশা। সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানাতে চান সাংবাদিকরা। গোলাম পরওয়ার এতে রাশেদ খানের প্রতি ইঙ্গিত করে বলেন, তিনি এত গুরুত্বপূর্ণ ব্যক্তি নন যে তার কথার জবাব দিতে হবে।

সরকারকে সতর্ক করে গোলাম পরওয়ার বলেন, যদি আমাদের শান্তিপূর্ণ কর্মসূচির কোথাও বাধা দেয়া হয়, সন্ত্রাসী কর্তৃক হামলা করা কিংবা ভয়ভীতি দেখানো হয়, নাশকতা করার চেষ্টা করা হয়- তাহলে প্রমাণ হবে, জুলাই সনদের আলোকে আকাঙ্ক্ষার বাংলাদেশকে সরকার ধারণ করে না।

৫ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার মতিঝিল থেকে শুরু হয়ে একইদিন রাত ১০টায় চট্টগ্রামের লালদীঘি পর্যন্ত যাবে লংমার্চ। পথিমধ্যে নারায়ণগঞ্জ, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহিপাল, চট্টগ্রামের মিরেরসরাইয়ে পথসভায় বক্তৃতা করবেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানসহ ১১ দলের শীর্ষ নেতারা।

গত শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট হয়। বিরোধীদলের লংমার্চে জনদুর্ভোগ হবে কিনা প্রশ্নে গোলাম পরওয়ার বলেন, লংমার্চ ঘোষণার পর থেকে ঢাকা-চট্টগ্রাম সড়কে তীব্র যানজট দেখা যাচ্ছে। এটি কৃত্রিম যানজট। লংমার্চের দিন যদি কৃত্রিম যানজট কিংবা বালুর ট্রাক দিয়ে বাধা দিলে তা প্রতিহত করা হবে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, নেজামে ইসলাম পার্টির জ্যেষ্ঠ নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারী, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন,  বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের একাংশের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম প্রমুখ। 

আরও পড়ুন

×