প্রতিবাদ সমাবেশ
স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘কাঠের চশমা’ খুলে জনগণের অবস্থা দেখতে হবে: মনিরা শারমিন
নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং ছিনতাই, হত্যাকাণ্ড প্রতিরোধে কার্যকর পদক্ষেপের দাবি জানানো হয়েছে। গতকাল সোমবার জাতীয় সংসদ এলাকায় প্রতিবাদ সমাবেশে এসব দাবি জানায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন জাতীয় নারীশক্তি সমকা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৫১ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৫৯
| প্রিন্ট সংস্করণ
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘কাঠের চশমা’ খুলে সত্যিকার অর্থে জনগণের অবস্থা দেখতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন। তিনি আরও বলেন, জনবিচ্ছিন্ন কথা বললে হবে না। মানুষের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনের সামনে জাতীয় নারী শক্তি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন মনিরা শারমিন। তিনি বলেন, দেশে রাজনৈতিক সহিংসতা, খুন, নারী ও শিশু নির্যাতন এবং ছিনতাই-ডাকাতি বেড়েছে। এসব অপরাধের নেপথ্যে ভূমিকা রাখছে মাদক।
গত শনিবার ভোরে জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর ব্যাগ ধরে টান দেওয়ায় রিকশা থেকে পড়ে বগুড়ার গাবতলীর বাগবারী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিলা পারভীন রুলির মৃত্যু হয়। এরপর নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং ছিনতাই-ডাকাতি ও হত্যাকাণ্ড প্রতিরোধে কার্যকর পদক্ষেপের দাবিতে গতকাল এই প্রতিবাদ সমাবেশ আয়োজন করে এনসিপির অঙ্গসংগঠন জাতীয় নারী শক্তি।
জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন বলেন, গত ১৮০ দিনে প্রায় ৪০০ রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে এবং তিন হাজার মানুষ আহত হয়েছে। নারী ও শিশু নিপীড়নের মাত্রা কমেনি, বরং বেড়েছে। ছিনতাই-ডাকাতি এমনভাবে বেড়েছে যে মানুষ রাস্তায় বের হতে ভয় পাচ্ছে।
তিনি বলেন, একজন শিক্ষিকা বগুড়া থেকে ঢাকায় চিকিৎসা করাতে এসে ছিনতাইকারীর হাতে প্রাণ হারিয়েছেন। ছিনতাই-রাহাজানি বৃদ্ধির পেছনে প্রধান ভূমিকা রয়েছে মাদকের। এতে তরুণ সমাজ ধ্বংসের পথে। তাদের ফেরানোর জন্য সরকারের তেমন কোনো পদক্ষেপ নেই। এমনকি কোনো রাজনৈতিক দলের লোকজন এ বিষয়ে খুব বেশি কথাবার্তা বলছেন না।
আইনশৃঙ্খলা অবনতির তথ্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নেই দাবি করে মনিরা শারমিন বলেন, বিভিন্ন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। কিন্তু আসলে কতটুকু উন্নতি হয়েছে, কতটুকু অবনতি হয়েছে– এ বিষয়ে তথ্য-উপাত্ত তাঁর কাছে নেই। নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না। এই সমাবেশ থেকে বলতে চাই, নাগরিক নিরাপত্তার বিষয়ে সরকারকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে।
মনিরা শারমিন বলেন, চব্বিশের ৫ আগস্ট পরবর্তী আমরা চেয়েছিলাম বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হবে। কিন্তু রাজনৈতিক সহিংসতায় মানুষ মারা যাচ্ছে। এই ১৮০ দিনে সরকারদলীয় লোকজনের মধ্যে সহিংসতার ঘটনায় ৩৭ জন মারা গেছে। জ্বালানি সংকট নিয়েও কথা বলেন জাতীয় নারী শক্তির এই আহ্বায়ক।
দুই আসামি রিমান্ডে
এদিকে রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে র্যাব-২-এর হাতে গ্রেপ্তার হওয়া মোশারফ হোসেন পনি ওরফে পনি গাজী ওরফে প্যারা পনি এবং তাঁর সহযোগী সেড্রিককে গতকাল শেরেবাংলা নগর থানা পুলিশ রিমান্ডে নিয়েছে।
শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম সমকালকে বলেন, ১০ দিনের রিমান্ড আবেদন করে সোমবার দুই আসামিকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
- বিষয় :
- প্রতিবাদ
- স্বরাষ্ট্রমন্ত্রী