জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসানের পদত্যাগ
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ২১:৩৬
পারিবারিক ও ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান পদত্যাগ করেছেন। বুধবার রাতে সংগঠনটির পঞ্চম সাধারণ সভায় তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। একই সভায় সিনিয়র সহসভাপতি আহসান লাবীবকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আহসান লাবীব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সমাজসেবা সম্পাদক ও সিনেট সদস্য।
বুধবার রাতে সমকালকে জাহিদ আহসান বলেন, আমার মা অসুস্থ। আমার পরিবারকে সময় দেওয়া দরকার। এমনিতেও আগামী ১২ সেপ্টেম্বর আমাদের কাউন্সিল। আমাদের তেমন সময়ও নেই। তাই পদত্যাগ করেছি। আজ আমাদের সভা ছিল। সেখানে দুই ঘণ্টা সবার সঙ্গে আলোচনা করে আমি পদত্যাগ করেছি। আমি আগামীতে জাতীয় নাগরিক পার্টির মূল দলে যোগ দেব। এনসিপির রাজনীতিই করব।
জাতীয় ছাত্রশক্তির পঞ্চম সাধারণ সভায় সংগঠনটির প্রথম কাউন্সিলের তারিখও ঘোষণা করা হয়েছে। আগামী ১২ অক্টোবর জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হবে। কাউন্সিলের প্রস্তুতি কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (দক্ষিণাঞ্চল) মহির আলম।
মহির আলম বলেন, জাতীয় ছাত্রশক্তির বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে। জাহিদ আহসানের পদত্যাগের পর সিনিয়র সহসভাপতি আহসান লাবীব ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন। জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিলের মাধ্যমে সংগঠনটির নতুন নেতৃত্ব দায়িত্ব নেবে।
- বিষয় :
- জাতীয় ছাত্রশক্তি
- সভাপতি
- পদত্যাগ