ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ব্রিকস ঘিরে সিপিবির বিবৃতি

সমতাভিত্তিক বিশ্বব্যবস্থা গড়ে তুলতে উদ্যোগী হওয়ার আহ্বান 

সমতাভিত্তিক বিশ্বব্যবস্থা গড়ে তুলতে উদ্যোগী হওয়ার আহ্বান 
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ২৩:০১

বিশ্বব্যাপী চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট মোকাবিলায় একটি বহুমুখী, শান্তিপূর্ণ ও সমতাভিত্তিক বিশ্বব্যবস্থা গড়ে তুলতে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সামনে রেখে বুধবার সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন এ প্রসঙ্গে বিবৃতি দিয়েছেন।

দলটি বলেছে, ‘বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে। ব্রিকস শীর্ষ সম্মেলন থেকে এ প্রস্তাব আরও জোরালোভাবে তুলে ধরার মধ্য দিয়ে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার নিপীড়িত জনগণ ও পৃথিবীর শান্তিকামী মানুষের পক্ষাবলম্বনের বিপুল সুযোগ রয়েছে।’

নেতারা মনে করেন, ‘ব্রিকসকে এমন একটি কার্যকর আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা প্রয়োজন, যেখানে উন্নয়নশীল দেশগুলো তাদের অর্থনৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিক স্বার্থের বিষয়ে সম্মিলিত অবস্থান গ্রহণ করতে পারে।’ 

বিবৃতিতে বলা হয়, ‘গাজা, ইরান, ইউক্রেনসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুদ্ধ ও সামরিক সংঘাতে কোটি কোটি মানুষ ও মানবতা আজ বিপর্যস্ত। যুদ্ধ ও সামরিক শক্তি প্রয়োগের পরিবর্তে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান, জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার, রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান প্রতিষ্ঠায় ব্রিকস দেশগুলোর আরও দৃঢ় ভূমিকা প্রয়োজন।’

বাংলাদেশ সরকারের প্রতি জাতীয় স্বার্থ, জনগণের স্বার্থ, স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং শান্তির পক্ষে একটি সুস্পষ্ট, ভারসাম্যপূর্ণ ও স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণের আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘কোনো সামরিক বা ভূ-রাজনৈতিক ব্লকের অংশ না হয়ে এবং কোনো পরাশক্তির ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার অংশীদার না হয়ে বাংলাদেশকে নিজস্ব স্বার্থ ও অবস্থান থেকে আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা করতে হবে।’ 

আরও পড়ুন

×