কর্মীদের চাঙ্গা করতে দেশে ফেরার কথা বলছেন শেখ হাসিনা: মান্না
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ | ২১:০২ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৫৮
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এত কিছুর পরও গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন বলে ঘোষণা দিয়েছেন। কীভাবে ফিরবেন, তাঁর তো ফাঁসির রায় হয়েছে। ফিরলেই তো ফাঁসি হতে পারে। শেখ হাসিনা কি অত সাহসী? তাহলে পালালেন কেন? আসলে তিনি দেশে ফেরার কথা বলে একটা ভাব তৈরির চেষ্টা করছেন, যাতে তাঁর নেতাকর্মীরা চাঙ্গা হন।
শনিবার রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের মুক্তিযোদ্ধা মাখদুমা নার্গিস রত্না মিলনায়তনে ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার ও নারীর অধিকার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাগরিক নারী ঐক্য এ আলোচনা সভার আয়োজন করে।
মান্না আরও বলেন, শেখ হাসিনা ফিরবেনই যখন, তাহলে তখন পালিয়ে গেলেন কেন? যদিও তিনি বলেছেন, পালাননি। সেনাবাহিনীর হেলিকপ্টার দিয়ে তাঁকে সীমান্ত পার করে দেওয়া হয়েছে। তখন তো সেনাবাহিনী আওয়ামী লীগের শত শত নেতাকে প্রটেকশন দিয়েছে। শেখ হাসিনাও কী তখন সেনা প্রটেকশনে থাকতে পারতেন না? এজন্য আমার মনে হয়, তিনি কথার কথা বলেছেন। শেষ পর্যন্ত তিনি আসবেন না।
গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল প্রসঙ্গে মান্না বলেন, গুলশানের মতো জায়গায় আওয়ামী লীগ মিছিল করল, সরকার কী করল? আওয়ামী লীগ আইনগতভাবেই নিষিদ্ধ, তারা তো চেষ্টা করবেই মিছিল করার। এত বড় একটি দল, তারা কি চুপচাপ বসে থাকবে? এখন এই দলটাকে যদি রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পারেন, একেবারেই বন্ধ করে দিতে না পারেন; তাহলে এত এত নেতাকর্মী তারা কোথায় যাবেন? তারা কি অন্য কোনো দলে যাবেন, জানি না। তবে এই যে নিষিদ্ধ হওয়া একটা দল প্রকাশ্যে মিছিল করল, সরকার কিছুই করতে পারল না– এটাতেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কী অবস্থা, তা বোঝা যায়!
বর্তমান সরকারের সাত মাসে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়ংকর অবনতি হয়েছে বলে মনে করেন নাগরিক ঐক্যের সভাপতি। তিনি বলেন, ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার গণঅভ্যুত্থানের সময় ভেঙে যাওয়া পুলিশের মনোবল ফেরাতে ব্যর্থ হয়েছে। বর্তমান সরকারের উচিত ছিল এই মনোবল ফিরিয়ে আনা। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয় বাদ দিয়ে অন্য মন্ত্রণালয় নিয়ে ব্যস্ত থাকেন। তাহলে এটা কীভাবে হবে? বর্তমান অবস্থার পরিবর্তনের জন্য সবাই মিলে চেষ্টা করতে হবে।
জ্বালানি সংকট নিয়ে লংমার্চ করার পরও এই সংকট নিরসনে সরকার চেষ্টা করছে না বলে বিরোধী দলের মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, দেশের সংকট নিয়ে বিরোধী দল ভালো আন্দোলন করতে পারলে তাদের সঙ্গে থাকব। আবার সরকারের ভালো কাজেরও সমর্থন করব। সরকার ভুল করলে, সেটারও সমালোচনা করব। এটাই আমাদের রাজনৈতিক আদর্শ ও অবস্থান।
নাগরিক নারী ঐক্যের সভাপতি শাহনাজ রানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তার সুমির সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার, জিন্নুর আহমেদ চৌধুরী দিপু, দেলোয়ার হোসেন রাজা, কবীর হাসান, সাকিব আনোয়ার, তাহমিদা আক্তার সুপর্ণা, সুলতানা পারভীন, নার্গিস আক্তার, রুবাইয়া তাসনিম প্রমুখ।
- বিষয় :
- নাগরিক ঐক্য