ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ওয়াদা ভঙ্গ করে দেশ যেভাবে চলছে, তাতে সংকট হবে: গোলাম পরওয়ার

ওয়াদা ভঙ্গ করে দেশ যেভাবে চলছে, তাতে সংকট হবে: গোলাম পরওয়ার
×

জোটের বৈঠকের পর কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ২১:১২ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ২১:২২

সংবিধান সংস্কারে বিএনপি সরকার ওয়াদা ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। আজ বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জোটের বৈঠকের পর জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেছেন।

তিনি বলেন, নির্বাচনের মাত্র ছয় মাস হয়েছে। জাতিকে ওয়াদা ভঙ্গ করে এখন দেশ যেভাবে চলছে, তাতে দেশে দারুণ তৈরি হবে। তখন কিছু করার পথ রুদ্ধ হয়ে যাবে।

এ পরিস্থিতি যাতে না হয়, সে জন্য সাংবিধানিক সংস্কারের উদ্যোগ নিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন জামায়াতের সেক্রেটারি। তিনি বলেন, রাষ্ট্রপতি যাতে ক্ষমতাসীন দলকে সংবিধান সংস্কারের পথে আসার বিষয়ে হস্তক্ষেপ করেন। প্রধানমন্ত্রীকে সংবিধান সংস্কার মেনে নেওয়া অনুরোধ জানাচ্ছি। 

গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার, তেল-গ্যাস-বিদ্যুৎ জ্বালানি সংকট নিরসনসহ সাত দফা দাবিতে আগামী শনিবার ঢাকা থেকে রংপুর পর্যন্ত সড়ক পথে লংমার্চ করবে ১১ দল। এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার জামায়াত আমির শফিকুর রহমানের সভাপতিত্বে জোটের বৈঠক হয়। এই বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি যোগ করা হয় লংমার্চে দাবিনামায়।

বৈঠকে অনুমোদন হয়, আগামী শনিবার সকাল ৭টায় রংপুর অভিমুখে লংমার্চ শুরু করবে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ থেকে। সংসদের সামনে লাখো মানুষের জমায়েত শেষে সকাল ৮টায় যাত্রা করবে লংমার্চ। সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইলের নগর জালফৈ বাইপাস রোড, দুপুর ১২টায় সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়, বিকেল চারটায় বগুড়ার মাটিডালি বিমান মোড়, বিকেল সাড়ে পাঁচটায় গাইবান্ধার পলাশবাড়ী চৌমাথায় পথসভা হবে। সন্ধ্যা সাতটায় রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ হবে।

বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, নেজামে ইসলাম পার্টির আমির আব্দুল কাইয়ুম সুবহানী, জাপগার সহসভাপতি রাশেদ প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম অংশসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। ছিলেন ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ। 

বৈঠকের পর ব্রিফিংয়ে গোলাম পরওয়ার বলেন, সরকার দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করছে। জনগণেরও ক্ষমতা দেখানোর ইতিহাস তো বাংলাদেশে আছে, স্মরণ রাখতে হবে।

সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের ইচ্ছার বিরুদ্ধে না যাওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, ৭০ শতাংশ মানুষের গণভোটের রায়কে সরকার প্রত্যাখ্যান করতে পারে, দেশের ইতিহাসে এমন নজির নেই। সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকার পবিত্র কোরান-সুন্নাহর বদলে হেবা আইনের ওপর হস্তক্ষেপ করেছে।

জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আইন পরিবর্তন করে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অযোগ্য করার ষড়যন্ত্র করছে সরকার। সব জায়গায় সংখ্যাগরিষ্ঠতার ক্ষমতা দেখাতে গিয়েই অনেকে ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী চরিত্র অর্জন করেছে—সরকারকে এ শিক্ষা নিতে হবে। সরকার যেন এ পথ থেকে ফিরে আসে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেছেন, কেউ যেন শান্তিপূর্ণ লংমার্চ কর্মসূচিতে বাধা সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা না করেন। লংমার্চ হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক। কোনো বিশৃঙ্খলা চাই না, কাউকে বিশৃঙ্খলা করতে দেব না। সরকারের কাছে আহ্বান—জনগণের কণ্ঠস্বরকে সম্মান করুন, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করুন। জনগণের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিন।

আরও পড়ুন

×