ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সাতদিনের সফরে চীনে গেলেন সিপিবি সভাপতি

সাতদিনের সফরে চীনে গেলেন সিপিবি সভাপতি
×

সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৫৫ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৫৬

সাতদিনের সফরে চীনে গেলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন। আজ শুক্রবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন। চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে এই সফরে তিনি চীনের উহান, হানচুয়ান, চেংদু প্রভৃতি অঞ্চল পরিদর্শন করবেন। 
  
সফরের প্রথম দিন ১৯ সেপ্টেম্বর চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে অবস্থিত Central China Normal University (CCNU) এ Institute of Scientific Socialism আয়োজিত একটি সেমিনারে সিপিবি সভাপতি ‘জাতীয় মুক্তি থেকে সমাজ রূপান্তর: বাংলাদেশ ও সমাজতন্ত্র প্রসঙ্গ’ শীর্ষক বক্তব্য প্রদান করবেন। বক্তব্যে তিনি জাতীয় মুক্তিসংগ্রাম, স্বাধীনতা-পরবর্তী সামাজিক-রাজনৈতিক বাস্তবতা, সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে পথনকশা এবং বাংলাদেশে সমাজতন্ত্রের প্রশ্ন বিষয়ে আলোচনা করবেন।

সফরের দ্বিতীয় দিন ২০ সেপ্টেম্বর উহান নগরী পরিদর্শন এবং হুবেই প্রাদেশিক সরকারের আয়োজনে একটি Welcome Banquet এ অংশগ্রহণ করবেন। ২১ সেপ্টেম্বর তিনি বিশ্ব শান্তি দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে বিভিন্ন দেশ থেকে আগত শীর্ষ নেতৃবৃন্দের সাথে অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। সম্মেলনে তিনি ‘শান্তি প্রতিষ্ঠায় যৌথ প্রজ্ঞা’ (Pooling Wisdoms to Promote Peace) শীর্ষক Plenary Session এ বক্তব্য দেবেন।

অন্যদিকে হুবেই অবস্থানকালে তিনি চীনের সাংস্কৃতিক ঐতিহ্য, পরিবেশ গবেষণা, স্টার্টআপ ইনকিউবেশন বেস ও স্থানীয় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করবেন। ২২ সেপ্টেম্বর হুবেই প্রদেশে চীনের বিখ্যাত হান নদীর তীরে অবস্থিত কৃষি ভিত্তিক অর্থনীতি ও বস্ত্র শিল্পের অন্যতম কেন্দ্র হানচুয়ান অঞ্চল পরিদর্শন করবেন তিনি। সেখানে তিনি শান্তি সম্মেলনের একটি সেমিনারে ‘Pooling Wisdom to Promote Peace and Building the Belt and Road into a Path of Peace’ শীর্ষক কি-নোট পেপার উপস্থাপন করবেন। পরবর্তীতে সিপিবি সভাপতি শান্তি সম্মেলনের সমাপনী অধিবেশনে অংশগ্রহণ করবেন। 

২৩ সেপ্টেম্বর সিপিবি সভাপতি চীনের সিচুয়ান প্রদেশের রাজধানী চেংদু সফর করবেন। সেখানে অবস্থিত পার্টি স্কুলের গবেষক ও শিক্ষাবিদগণের সাথে ‘বর্তমান সময়ে বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগের প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনারে অংশগ্রহণ করবেন। সেখানে তিনি ২৪ সেপ্টেম্বর একটি পরীক্ষামূলক কৃষি কেন্দ্র, স্থানীয় সামাজিক কেন্দ্র এবং তৃণমূল পর্যায়ের দৈনন্দিন জীবন ও সামাজিক পরিচালনা পদ্ধতি সরেজমিনে পরিদর্শন করবেন। সেখানে পরিবেশ সংরক্ষণ ও গবেষণা কার্যক্রম সম্পর্কেও তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় করবেন।

এই সফরে সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন চীনের সরকার ও কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। এছাড়া তিনি শান্তি সম্মেলনে আগত বিভিন্ন দেশের নেতাদের সঙ্গেও কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সফর শেষে ২৫ সেপ্টেম্বর ঢাকায় ফিরবেন সিপিবি সভাপতি।

আরও পড়ুন

×