ফুটপাত দখলমুক্ত ও হকারদের জীবিকা নিশ্চিত করতে হবে: শফিকুর রহমান
বুধবার মিরপুরে উচ্ছেদ অভিযানে পুলিশের সঙ্গে হকারদের সংঘর্ষে পর বিকেলে সেখানে যান স্থানীয় সংসদ সদস্য শফিকুর রহমান। ছবি-সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৩০
বিকল্প ব্যবস্থা না করে ফুটপাত থেকে হকার উচ্ছেদের সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেছেন, সড়ক ও ফুটপাত চলাচলের উপযোগী রাখা জরুরি। তবে ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। ফুটপাত দখলমুক্ত করার সঙ্গে সঙ্গে তাদের জন্য বিকল্প স্থান নির্ধারণ করে সেখানে ব্যবসার সুযোগ দিতে হবে।
বুধবার মিরপুরে উচ্ছেদ অভিযানে পুলিশের সঙ্গে হকারদের সংঘর্ষে পর বিকেলে সেখানে যান স্থানীয় সংসদ সদস্য শফিকুর রহমান। তিনি বলেন, সড়ক যানবাহন চলাচলের জন্য এবং ফুটপাত হাঁটার জন্য। কিন্তু সামাজিক শৃঙ্খলার অভাবে ফুটপাত ও রাস্তায় ব্যবসা হচ্ছে। এতে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনাও ঘটছে।
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, গ্রাম থেকে রাজধানীতে এসে অনেকে জীবিকার তাগিদে ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন। তাদের অনেককেই বিভিন্ন পর্যায়ে চাঁদা দিতে হয়। এ পরিস্থিতির অবসান ঘটিয়ে তাদের জন্য নির্ধারিত স্থানে ব্যবসার সুযোগ সৃষ্টি করা প্রয়োজন।
ঢাকা-১৫ আসনের (মিরপুর-কাফরুল) এমপি শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে বলেছিলাম, এই সমস্যার টেকসই ও সমন্বিত সমাধান করতে হবে। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ট জায়গা করে দিতে হবে। সেখানে তারা ব্যবসা করবেন, সিটি কর্পোরেশন যৌক্তিক হারে ট্যাক্স পাবে; কিন্তু কোনো ধরনের চাঁদাবাজি চলবে না। হকার উচ্ছেদ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।
সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, দখলদারি, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পরিচ্ছন্ন, মানবিক ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম, সহকারী সেক্রেটারি ফখরুদ্দিন মানিকসহ স্থানীয় নেতারা।
- বিষয় :
- জামায়াতে ইসলামী
- মিরপুর
- ডা. শফিকুর রহমান