তিন দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করবে ইনকিলাব মঞ্চ
ছবি: সমকাল
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ | ১৩:৫৮
ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দাবিতে আগামী ৭ অক্টোবর থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করবে ইনকিলাব মঞ্চ। ৭ অক্টোবর বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে ৬ নভেম্বর টেকনাফ জিরো পয়েন্টে পথসভার মাধ্যমে ৩১ দিনের এই কর্মসূচি শেষ হবে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ফাতিমা তাসনিম জুমা।
ইনকিলাব মঞ্চের তিন দাবি হলো— শহীদ উসমান হাদি হত্যার বিচার; জুলাই গণভোটের গণরায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন; এবং পিলখানা, শাপলা ও জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে ফাতিমা তাসনিম জুমা বলেন, এই কর্মসূচির মূল উদ্দেশ্য শহীদ উসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা।
কর্মসূচির বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, আগামী ৭ অক্টোবর বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে ‘মার্চ ফর ইনসাফ’ শুরু হবে। এরপর দেশের বিভিন্ন প্রান্ত অতিক্রম করে ১৫তম দিনে সাভারে একটি পথসভা করা হবে। সেখান থেকে ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এসে ২১ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, শাহবাগের মহাসমাবেশের পর আবার টেকনাফের উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। ৩১তম দিনে, অর্থাৎ ৬ নভেম্বর টেকনাফ জিরো পয়েন্টে একটি পথসভার মাধ্যমে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শেষ হবে।
ফাতিমা তাসনিম জুমা আরও বলেন, আগামী ১২ থেকে ১৮ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করার কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।
সরকারের উদ্দেশে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, সরকার যদি মনে করে থাকে সন্ত্রাসবাদ, ভয়ভীতি ও সহিংসতার মামলায় কাউকে গ্রেপ্তার করে জনগণের কণ্ঠ রুদ্ধ করা যাবে, তাহলে সেটি ভুল ধারণা। আগামী ডিসেম্বরের সমাবেশ থেকে সরকারকে সেই বার্তাই দিতে চায়।
- বিষয় :
- ইনকিলাব মঞ্চ
- সংবাদ সম্মেলন
- ওসমান হাদি
- সরকার
- কর্মসূচি