আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ, মুক্তি দাবি
আখতারুজ্জামানের মুক্তি দাবিতে শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল করে ঢাকা মহানগর উত্তর জামায়াত। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬ | ২১:৩৯ | আপডেট: ০২ অক্টোবর ২০২৬ | ২২:০২
মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে শুক্রবার বিকেলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। দলটির দাবি, বিমানবন্দরে যাত্রী, প্রবাসী, রেমিট্যান্স যোদ্ধাদের ভোগান্তির প্রতিবাদ করায় সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানকে সরকার স্বৈরাচারকারী কায়দায় গ্রেপ্তার করেছে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আখতারুজ্জামানকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে নিঃশর্ত মুক্তি করেছেন। শুক্রবার বিবৃতিতে তিনি বলেছেন, ১ অক্টোবর পবিত্র ওমরা পালন শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে অন্যান্য যাত্রীর মতোই হয়রানি ও ভোগান্তির শিকার হন মেজর আখতার।
গোলাম পরওয়ার বলেছেন, তদন্তের আগেই উদ্দেশ্যমূলকভাবে মামলা করে মেজর আখতারকে গ্রেপ্তার করা হয়েছে। বিমানবন্দরের ইমিগ্রেশনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা ধরনের অব্যবস্থাপনা ও হয়রানির অভিযোগ রয়েছে। যাত্রীদের অপ্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও দীর্ঘ সময় অপেক্ষায় রাখা, অসম্মানজনক আচরণ, লাগেজ নিয়ে হয়রানিতে দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে। মেজর আখতারসহ বহু যাত্রী যে ধরনের ভোগান্তির শিকার হয়েছেন, এর নিরপেক্ষ তদন্ত করতে হবে। বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ, সেবার মান নিশ্চিত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহিতার দাবি জানাচ্ছি।
মেজর আখতারের মুক্তি দাবিতে শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল করে ঢাকা মহানগর উত্তর জামায়াত। উত্তরার জসিম উদ্দিন সড়ক মোড় থেকে মিছিলটি বিমানবন্দর সড়কে যায়। সেখানে সমাবেশে বক্তৃতা করেন উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাত, উত্তরা মডেল থানার আমির ইব্রাহীম খলীল, উত্তরা পশ্চিম থানা আমির মাজহারুল ইসলাম, উত্তরা পূর্ব থানা আমির মাহফুজুর রহমান প্রমুখ।
গ্রেপ্তারের নিন্দা করে মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন বলেছেন, যিনি যুদ্ধ না করলে দেশ স্বাধীন হতো না, সেই বীর মুক্তিযোদ্ধাকে সামান্য কথা- কাটাকাটির ঘটনায় কোনো দায়িত্বশীল সংস্থার পক্ষ থেকে দুঃখ প্রকাশ না করে মামলা তড়িঘড়ি গ্রেপ্তার দায়িত্বশীল আচরণ নয়।
১৯৯১ এবং ১৯৯৬ সালে বিএনপির মনোনয়নে কিশোরগঞ্জ থেকে নির্বাচিত হয়েছিলেন মেজর আখতার। পরে তিনি দলটি থেকে বহিষ্কার হন একাধিকবার। ২০১৮ সালের নির্বাচনের আগে বিএনপি তাকে দলে ফিরিয়ে ফের মনোনয়ন দেয়। ২০২৪ সালের ৭ জানুয়ারির একতরফা নির্বাচনে স্বতন্ত্র নির্বাচনে অংশ নিয়ে ফের বিএনপি থেকে বহিষ্কার হন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে জামায়াতে যোগ দেন দলটির এক সময়ের সমালোচক আখতারুজ্জামান।
গত বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে ট্রলি এবং সঙ্গে আনা জমজম কুপের পানি না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন মেজর আখতার। এ সময়ে জামায়াতের ৩৪ এমপিও ছিলেন। বিমানবন্দরের কর্মকর্তাদের একজনের সঙ্গে তাকে উচ্চবাচ্য করতে দেখা যায় ভিডিওতে। কর্মকর্তারা তদবির করে পদায়ন পেতে ব্যস্ত রয়েছেন, অভিযোগ তুলে তাদের ঘাড় ধরে বের দেওয়ার হুমকি দেন। এ ঘটনার পর মেজর আখতার কর্মকর্তাদের মারধর করেছেন অভিযোগ বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তাদের।
পরে শুক্রবার বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন।