ডেঙ্গু-হামে মানুষ মরলেও সরকারের মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার
ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ২০:৪৭ | আপডেট: ০৫ অক্টোবর ২০২৬ | ২০:৪৮
ডেঙ্গু হামে মানুষ মারলেও সরকারের মাথাব্যথা নেই বলে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন, ‘এটাই কী আপনার প্ল্যান! হাম ও ডেঙ্গুতে মানুষ মারা গেলেও আপনাদের কোনো মাথাব্যথা নেই!’
জামায়াত ঘোষিত ডেঙ্গু সচেতনতা সপ্তাহ উপলক্ষে দলটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেছেন গোলাম পরওয়ার। রাজধানীর পুরানা পল্টনে মহানগর দক্ষিণ জামায়াতের কার্যালয়ের সামনে এই অনুষ্ঠান হয়।
গোলাম পরওয়ার বলেন, সরকার ক্ষমতা পাকাপোক্ত করে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কায়েমে সংবিধান সংশোধনে ব্যস্ত। জনগণের খাজনা—ট্যাক্সের টাকা সরকারের পকেটে। কিন্তু হাম ও ডেঙ্গু প্রতিরোধে কাজ করছে জামায়াত। দলীয়করণ ছাড়া সরকারের আর সফলতা নেই।
গোলাম পরওয়ার বলেন, সরকার যেকোনো সমস্যাকে আগের সরকারের রেখে যাওয়া বলে দায়মুক্ত হতে চায়। যদি আগের সরকার সব সমস্যা সমাধান করতে পারত, তাহলে আরেক সরকারের প্রয়োজন থাকে না। আগের সরকার পারে না বলেই জনগণ সরকার পরিবর্তন করে। সমস্যা সমাধান করতে না পারলে এই সরকারকেও পরিবর্তনে বাধ্য হবে।
মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন ডাকসু ভিপি সাদিক কায়েমসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।
- বিষয় :
- ডেঙ্গু
- হাম
- গোলাম পরওয়ার