ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

চাঁদাবাজি, কিশোর গ্যাং বন্ধের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

চাঁদাবাজি, কিশোর গ্যাং বন্ধের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল
×

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ২১:১১ | আপডেট: ০৫ অক্টোবর ২০২৬ | ২১:১১

চাঁদাবাজি, সন্ত্রাস, কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের হাতিরঝিল অঞ্চল। সমাবেশে ঢাকা-১২ আসনের এমপি সাইফুল আলম খান মিলন বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। চাঁদাবাজ ও সন্ত্রাসীরা গ্রেপ্তার হয় না, বরং মেজর (অব.) আখতারুজ্জামানের মতো নিরপরাধ ব্যক্তিরা গ্রেপ্তার হচ্ছেন।

সম্প্রতি বাংলামোটরে চাঁদার দাবিতে গুলি করা বহিস্কৃত এক যুবদল নেতাকে ধরে পুলিশ দেন স্থানীয়রা। মিলন বলেন, এখন বলা হচ্ছে, তারা নাকি কোনো দল করে না। যদি দল না করে তাহলে কিসের শক্তিতে চাঁদাবাজি করে? আর চাঁদাবাজি না করলে মানুষ ধরল কেনো?

ঢাকা মহানগর উত্তর জামায়াতে সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম বলেন, ক্ষমতাসীন আন্তর্জাতিক চাঁদাবাজ হিসেবে স্বীকৃতি লাভ করেছে। ঢাকা-১২ আসনের যেখানেই চাঁদাবাজি চলবে, সেখানেই বাঁশের লাঠি দিয়ে লড়াই হবে। 

বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মগবাজার চৌরাস্তায় সমাবেশ হয়। এতে মহানগরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমানসহ স্থানীয় নেতারা বক্তৃতা করেন।

আরও পড়ুন

×