ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ফ‌্যা‌সিস্টের দোসররা ড. ইউনূস‌কে হেনস্তা ক‌রে বাংলা‌দেশ‌কে অপমান ক‌রে‌ছে: জামায়া‌ত

ফ‌্যা‌সিস্টের দোসররা ড. ইউনূস‌কে হেনস্তা ক‌রে বাংলা‌দেশ‌কে অপমান ক‌রে‌ছে: জামায়া‌ত
×
×

ফাইল ছবি

সমকাল প্রতি‌বেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ | ১৬:৫৪

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ‌্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিমানবন্দরে হেনস্তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

আজ মঙ্গলবার বিবৃ‌তি‌তে তি‌নি ব‌লে‌ছেন, আওয়ামী ফ্যাসিস্টদের কিছু দোসর যে কদর্য ও অশালীন ভাষা ব্যবহার করে হেনস্তা করেছেন তা অগ্রহণযোগ্য ও অত্যন্ত নিন্দনীয়।

বি‌রোধীদলীয় উপ‌নেতা ডা. তাহের বলেন, বিশ্ববাসীর কাছে সম্মানিত নোবেল বিজয়ী ড. ইউনূসকে হেনস্তা করার মধ্যদিয়ে দেশের সব নাগরিক এবং রাষ্ট্র হিসেবে সারা বিশ্বে বাংলাদেশকে অপমানিত ও খাটো করা হয়েছে। দেশের মান মর্যাদা বিশ্ব দরবারে সমুন্নত রাখতে বিদেশের মাটিতে দেশের সম্মানিত ব্যক্তিদের সঙ্গে এমন নিন্দনীয় কর্মকাণ্ড সমীচীন নয়, যা ফ্যাসিস্টদের দোসররা করেছে।

জামায়াত না‌য়ে‌বে আমির আরও বলেন, পতিত আওয়ামী ফ্যাসিবাদ দেশ থেকে বিতাড়িত হয়ে বিদেশের মাটিতে দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। বিদেশে অবস্থানরত প্রবাসী ও সফররত দেশপ্রেমিক বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত করছে। দেশের শান্তিপ্রিয় ও প্রবাসী বাংলাদেশিরা তাদের সমস্ত ষড়যন্ত্র রুখে দিয়ে দেশের কল্যাণে কাজ করে যাবে, ইনশাআল্লাহ। বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও হাই কমিশনসমূহের কর্মকর্তাদের এ ব্যাপারে দায়িত্বশীল ও সাহসী পদক্ষেপ গ্রহণ করা উচিৎ। 

আরও পড়ুন

×