জুলাই সনদ বাস্তবায়ন না হলে সংবিধান পুনর্লিখনের আন্দোলন: মামুনুল হক
ডিআরইউতে মুক্ত আলোচনায় কথা বলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ | ২০:৩৩ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৬ | ২০:৩৩
জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি উপেক্ষা করা হলে সংবিধান পুনর্লিখনের আন্দোলনে অগ্রসর হওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তিনি বলেন, জুলাইয়ে বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জুলাই সনদ কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে। সংবিধান সংশোধনের নামে সনদ পাশ কাটানোর সুযোগ নেই।
আজ রোববার জুলাই সনদ সাক্ষরের বর্ষপূর্তিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মুক্ত আলোচনায় এসব কথা বলেন মামুনুল হক। ‘জুলাই সনদের প্রতিশ্রুতি ও প্রত্যাশার ১ বছর: সালতামামি’ শীর্ষক এ মুক্ত আলোচনার আয়োজন করে এবি পার্টি।
খেলাফত মজলিসের আমির বলেন, জুলাই সনদ স্বাধীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলিল। গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী ও স্বৈরাচারী ব্যবস্থার অবসান এবং বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা এই বিপ্লবের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে, জুলাই সনদ তারই রাজনৈতিক প্রতিফলন।
জুলাই সনদ নিয়ে বিএনপির অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের গুরুত্বপূর্ণ ধারাগুলোতে বিএনপির নোট অব ডিসেন্ট রয়েছে। সনদ স্বাক্ষরের সময় সংযুক্ত ব্যাখ্যা ও ফুটনোটের মাধ্যমে এর বাস্তবায়নকে রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারের ওপর নির্ভরশীল করার ফলে সনদের মূল উদ্দেশ্য ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
গণভোটের প্রসঙ্গ তুলে ধরে আল্লামা মামুনুল হক বলেন, সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, গণভোটে রাষ্ট্র সংস্কারের প্রস্তাব সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। কিন্তু সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করে, রাষ্ট্র সংস্কারের প্রশ্নে ভিন্ন অবস্থান প্রকাশ করেছে বিএনপি।
তিনি বলেন, বিদ্যমান সাংবিধানিক কাঠামোয় প্রধানমন্ত্রীর হাতে অতিরিক্ত ক্ষমতা কেন্দ্রীভূত থাকার কারণে কর্তৃত্ববাদী শাসন পুনঃপ্রতিষ্ঠার ঝুঁকি থেকে যায়। ভবিষ্যতে কোনো সরকারপ্রধান যাতে নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হয়ে উঠতে না পারেন, সে জন্য রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা জরুরি। জুলাই সনদের অন্যতম উদ্দেশ্য এই কাঠামোগত সমস্যার সমাধান করা।
মামুনুল হক আরও বলেন, ৫০ বছর ধরে ইসলামপন্থিরা বিএনপিকে বিনামূল্যে সহযোগিতা করে গেছেন। তাদের আশা ছিল, বিএনপি বাংলাদেশে আধিপত্যবাদের বিরুদ্ধে নেতৃত্ব দেবে। কিন্তু এখন মানুষের কাছে দিবালোকের মতো পরিষ্কার, বিএনপি রাষ্ট্র মেরামত করতে চায় না। তারা বাংলাদেশে জেঁকে বসা আধিপত্যবাদীদের সঙ্গে আপস করে রাষ্ট্র পরিচালনা করতে চায়।
বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ইসলামপন্থিদের বিভাজন সৃষ্টির চেষ্টা জুলাইয়ের ঐক্য ও আকাঙ্ক্ষার পরিপন্থি।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর শফিকুর রহমান। বক্তব্য দেন এলডিপির সভাপতি অলি আহমদ, এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের অন্য নেতারা।
- বিষয় :
- জাতীয় সনদ তৈরি
- জুলাই সনদ