ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যেই জনগণের ঐক্য: সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ | ২০:৩৮
নানা ধর্ম ও সংস্কৃতির বৈচিত্র্যের মধ্যেই জনগণের ঐক্য ও শক্তি নিহিত বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, হিংসাশ্রয়ী ও বিভেদকামী অশুভ শক্তিকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করেই দেশের গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে হবে।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আজ সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দিরে ভক্ত ও পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সাইফুল হক বলেন, এবার দেশব্যাপী বিপুল সমারোহে সম্প্রীতির মেলবন্ধনে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। মাঝেমধ্যে অশুভ শক্তি মানুষের ঐক্য ও সম্প্রীতিতে ফাটল ধরাতে উসকানি সৃষ্টি করে। তবে অসাম্প্রদায়িক মানুষ এসব অপশক্তিকে মোকাবিলা করে ভ্রাতৃত্বের বার্তা নিয়ে উৎসবের আনন্দ পরস্পরের মধ্যে ভাগাভাগি করে নিচ্ছেন।
তিনি বলেন, এমন একটি রাষ্ট্র ও সমাজ গড়ে তুলতে চান, যেখানে ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাসের কারণে কোনো নাগরিক বৈষম্যের শিকার হবেন না।
এর আগে মন্দিরে প্রতিমা দর্শন শেষে ভক্তদের শুভেচ্ছা জানান সাইফুল হক। এ সময় তিনি সার্বজনীন পূজা কমিটি ও মন্দির কমিটির নেতাদের সঙ্গেও কুশল বিনিময় করেন।
অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেত্রী বহ্নিশিখা জামালী, আকবর খান, ঢাকা মহানগরের নেতারা এবং বিপ্লবী যুব সংহতির নেতা তুহিন রহমান ও আহমেদ রনিসহ সংগঠনটির কেন্দ্রীয় সংগঠকেরা উপস্থিত ছিলেন।