ডিআইজির বাড়ি থেকে মাদক উদ্ধারে বোঝা যায় আইনশৃঙ্খলার কতটা অবনতি: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ছবি- সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ | ২৩:০৫
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শকের (ডিআইজি) মালিকানাধীন বাড়ি থেকে মাদক উদ্ধারে বোঝা যায় দেশে আইনশৃঙ্খলার কতটা অবনতি হয়েছে।
মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, সর্বত্র আইনশৃঙ্খলাবিরোধী ও অসামাজিক কার্যকলাপের পাশাপাশি চাঁদাবাজির মহোৎসব, ছিনতাই, লুণ্ঠন ও ডাকাতি মারাত্মক আকার ধারণ করেছে। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মালিকানাধীন বাড়িতে এ ধরনের অপকর্ম সংঘটিত হওয়ায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে।
বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান লিখেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠছে। গ্যাস-বিদ্যুতের সমস্যাও তো রয়েছেই। এসব জনদুর্ভোগ নিরসন ও অপকর্ম দমনের পরিবর্তে সরকার এখন বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত।
ডিআইজির শাস্তি দাবি
অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে জামায়াত। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের মঙ্গলবকার বিবৃতিতে বলেছেন, অতিরিক্ত ডিআইজির মালিকানাধীন একটি বাড়িতে অসামাজিক কাজে বিপুল সংখ্যক নারী-পুরুষের লিপ্ত থাকা ও মাদক সেবন করার বন্দোবস্ত করে দেয়া খুবই উদ্বেগের, লজ্জাজনক ও দেশের আইনশৃঙ্খলার জন্য অশনি সংকেত। এর নেপথ্যে জড়িত এবং এমন সব সামাজিক অপরাধকর্মের পৃষ্ঠপোষকতা দিয়ে আসছেন তাদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি।
- বিষয় :
- জামায়াতে ইসলামী
- ডিআইজি
- মাদক