ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

যিনি বা যারা অসত্য তথ্য ছড়াচ্ছেন, তাদের মানসিক সুস্থতা নিয়ে সন্দেহ রয়েছে: জামায়াত

যিনি বা যারা অসত্য তথ্য ছড়াচ্ছেন, তাদের মানসিক সুস্থতা নিয়ে সন্দেহ রয়েছে: জামায়াত
×
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ | ০২:১৩

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় এক গোয়েন্দা কর্মকর্তার গোপন বৈঠকের অভিযোগ সম্পর্কে জামায়াত বলেছে, যিনি বা যারা এমন অসত্য তথ্য ছড়াচ্ছেন, তাদের মানসিক ও রাজনৈতিক সুস্থতা নিয়ে তাদের সন্দেহ রয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা বলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ এনেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. রাশেদ খাঁন। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি দাবি করেন, গত ১৬ অক্টোবর বারিধারায় ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে বৈঠক করেছেন গোলাম পরওয়ার।

এ বিষয়ে জানতে চাইলে গোলাম পরওয়ার গত সোমবার সমকালকে জানান, এইসব ‘নোংরা ও গুরুত্বহীন’ কথার জবাব তিনি দেবেন না। ‘যিনি অভিযোগ করেছেন তিনি এত গুরুত্বপূর্ণ নন’ বলে উল্লেখ করেন তিনি।

জামায়াতের বিবৃতিতে রাশেদ খাঁনের নাম নেওয়া হয়নি। এতে বলা হয়েছে, জামায়াত রাষ্ট্রীয় মর্যাদা সমুন্নত রেখে বিদেশি রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে। দুঃখজনক হলো, সম্প্রতি ষড়যন্ত্রমূলকভাবে সুনাম ক্ষুণ্ন করতে মিয়া গোলাম পরওয়ার একটি দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছেন মর্মে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

অ্যাডভোকেট জুবায়ের বলেন, যিনি বা যারা সেক্রেটারি জেনারেলকে জড়িয়ে অসত্য তথ্য দিয়ে সংবাদ ছড়িয়েছেন এবং তা প্রমাণের জন্য চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন, তাদের উচিত অভিযোগের সত্যতা জাতির সামনে প্রকাশ করা।

বিবৃতিতে বলা হয়েছে, ‘যিনি বা যারা এমন অসত্য তথ্য ছড়াচ্ছেন, তাদের মানসিক ও রাজনৈতিক সুস্থতা নিয়ে আমার সন্দেহ রয়েছে।’

আরও পড়ুন

×