ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

মেজর আখতারের ছেলের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জামায়াত আমিরের

মেজর আখতারের ছেলের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জামায়াত আমিরের
×
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬ | ০১:২৬

বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা শাহরিয়ার জামানের ওপর হামলার ঘটনায় মামলা গ্রহণ ও জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন শাহরিয়ার জামানকে দেখতে গিয়ে বৃহস্পতিবার এ দাবি জানান তিনি। শাহরিয়ার মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলে। গত বুধবার কিশোরগঞ্জে তার ওপর হামলা ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

ডা. শফিকুর রহমান বলেন, আখতারুজ্জামান এলাকায় খেলাধুলার জন্য বড় মাঠ করে দিয়েছেন। কিছুদিন ধরে মাদকচক্রের সদস্যরা সেখানে গিয়ে উৎপাত করছিলেন। শাহরিয়ার তাদের আগে সতর্ক করেছিলেন। তার অভিযোগ, মাদকসেবীরা রাজনৈতিক দলের আশ্রয়-প্রশ্রয় পান।

মাদকচক্রের বিরুদ্ধে প্রতিবাদের কারণে হামলা হয়ে থাকলে প্রশাসনের ব্যবস্থা নেওয়া দায়িত্ব বলে মন্তব্য করেন জামায়াত আমির। তিনি বলেন, ‘কিন্তু রহস্যজনক কারণে মামলা নেওয়া হচ্ছে না।’

মেজর (অব.) আখতারুজ্জামানের প্রসঙ্গ তুলে ডা. শফিকুর রহমান বলেন, বিমানবন্দরে অনিয়ম, অন্যায় ও দুর্নীতির প্রতিবাদ করায় তাঁর বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও এক কর্মকর্তাকে মারধরের মামলা করা হয়েছিল। ওই মামলায় তাঁকে এক মাস কারাগারে থাকতে হয়।

তিনি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে হাতকড়া, ভেস্ট ও হেলমেট পরিয়ে আদালতে তোলা হয়েছিল, যা মানবতার প্রতি অবজ্ঞা ও উপহাসের শামিল।

ডা. শফিকুর রহমান বলেন, আখতারুজ্জামানের প্রতিবাদকে স্বীকার না করে সরকার ‘নোংরামি’ করেছে। তাঁর ছেলের ওপর হামলার সঙ্গে আগের ঘটনার কোনো যোগসূত্র আছে কি না, তা তিনি জানেন না। তবে দ্রুত মামলা গ্রহণ করে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এ সময় মেজর (অব.) আখতারুজ্জামানসহ জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×