ঢাকা রোববার, ২২ নভেম্বর ২০২৬

সাদিক কায়েমের গ্রামের বাড়িতে ‘অগ্নিসংযোগের চেষ্টা’, শিবিরের নিন্দা

সাদিক কায়েমের গ্রামের বাড়িতে ‘অগ্নিসংযোগের চেষ্টা’, শিবিরের নিন্দা
×
×

ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ | ১৭:১৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

রোববার এক যৌথ বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানান সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ডাকসুর সহসাধারণ সম্পাদক (এজিএস) মুহা. মহিউদ্দিন খান এবং সেক্রেটারি কাজী আশিক।

বিবৃতিতে বলা হয়, রাত সাড়ে তিনটার দিকে সাদিক কায়েমের পৈতৃক বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। এ সময় বাড়িতে তার বাবা-মা অবস্থান করছিলেন। ছাত্রশিবিরের নেতাদের অভিযোগ, জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী ছাত্রসমাজ ও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে এ হামলার চেষ্টা করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, গত কয়েক দিনে ডাকসুর সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম, এনসিপি নেতা মাহিন সরকার এবং বিএনপির সংসদ সদস্য এস এম জিলানি ও সেলিমুজ্জামান সেলিমের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ ও হুমকির ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিবার-পরিজনকে লক্ষ্য করে ভীতির পরিবেশ তৈরির চেষ্টা করছে বলে দাবি করেন তারা।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ছাত্রশিবিরের নেতারা। তাদের অভিযোগ, একের পর এক হামলার ঘটনা ঘটলেও স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। সরকারের নিষ্ক্রিয়তা সন্ত্রাসীদের আরও বেপরোয়া করে তুলছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার, জুলাই বিপ্লবের সম্মুখসারির ছাত্রনেতা ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং আওয়ামী লীগের সন্ত্রাসী নেটওয়ার্ক নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

আরও পড়ুন

×