ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

রাষ্ট্রীয় সংকট নিরসনে ইসলামী ফ্রন্টের সাত দফা দাবি

রাষ্ট্রীয় সংকট নিরসনে ইসলামী ফ্রন্টের সাত দফা দাবি
×
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬ | ১৯:০০

দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা নিরসনে সাত দফা প্রস্তাব তুলে ধরেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে নিবন্ধিত সব রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় সংলাপ আয়োজন, মব সন্ত্রাস ও দখলদারত্ব বন্ধ, ৫ আগস্টের পর সংঘটিত অপরাধের নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করা এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন চুক্তি পুনর্মূল্যায়ন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড (এআরটি) চুক্তির শর্ত প্রকাশ এবং ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা চুক্তি পুনর্বিবেচনার দাবি জানিয়েছে দলটি।

গতকাল বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব ও দাবি তুলে ধরা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব স.উ.ম. আবদুস সামাদ।

লিখিত বক্তব্যে বলা হয়, দেশে রাজনৈতিক প্রতিহিংসা ও সহিংসতার পরিবর্তে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করতে হবে। এ লক্ষ্যে নিবন্ধিত সব রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় সংলাপ আয়োজন জরুরি। রাজনৈতিক মতপার্থক্য নিরসনে আলোচনা ও সমঝোতার পথ অনুসরণ করতে হবে। একই সঙ্গে মব সন্ত্রাস, গণপিটুনি, দখলবাজি, চাঁদাবাজি ও বিচারবহির্ভূত সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

দলটির পক্ষ থেকে ৫ আগস্টের পর সংঘটিত অপরাধগুলোর নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। এ ক্ষেত্রে অপরাধে জড়িত ব্যক্তিদের পরিচয় কিংবা রাজনৈতিক অবস্থান বিবেচনা না করে আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়। ইসলামী ফ্রন্টের মতে, আইনের শাসন প্রতিষ্ঠা ও নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের পদক্ষেপ জরুরি।

জাতীয় স্বার্থসংশ্লিষ্ট চুক্তির বিষয়ে দলটি জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত এআরটি চুক্তির সব শর্ত জনসমক্ষে প্রকাশ করতে হবে। পাশাপাশি চুক্তিটির অর্থনৈতিক প্রভাব স্বাধীন বিশেষজ্ঞদের মাধ্যমে পর্যালোচনা করতে হবে। দেশের অর্থনীতি, বাণিজ্য ও সার্বভৌম স্বার্থের পরিপন্থী কোনো শর্ত থাকলে তা সংশোধন করতে হবে। প্রয়োজনে চুক্তি বাতিলের উদ্যোগ নেওয়ার দাবিও জানানো হয়।

এ ছাড়া ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনা-সংক্রান্ত চুক্তি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে দলটি। তাদের মতে, জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামো ও অর্থনৈতিক স্বার্থসংশ্লিষ্ট যেকোনো চুক্তির ক্ষেত্রে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। সেখানে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা, অবৈধ অস্ত্রের ব্যবহার, অপহরণ ও চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে পার্বত্য এলাকায় স্থায়ী সেনাক্যাম্প স্থাপনের প্রস্তাবও তুলে ধরে দলটি।

সংবাদ সম্মেলনে আবদুস সামাদ বলেন, রাজনৈতিক অসহিষ্ণুতা, প্রতিহিংসা, চাঁদাবাজি, দখলদারত্ব এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা এবং রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ প্রয়োজন।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের প্রকৃত সাফল্য শুধু ক্ষমতার পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। রাষ্ট্রব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনা এবং মানুষের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা প্রতিষ্ঠার মধ্য দিয়েই এর সার্থকতা নিশ্চিত করতে হবে।

ইসলামী ফ্রন্টের মহাসচিব আরও বলেন, জাতীয় স্বার্থ রক্ষার দায়িত্ব কোনো একটি রাজনৈতিক দলের নয়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে সব রাজনৈতিক শক্তির সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিভাজন ও সংঘাতের পরিবর্তে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার মাধ্যমে চলমান সংকট মোকাবিলা করতে হবে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম এ মতিনসহ দলটির কেন্দ্রীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
 

আরও পড়ুন

×