ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী জাহাঙ্গীর, সিরাজগঞ্জ-১-এ সেলিম

ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী জাহাঙ্গীর, সিরাজগঞ্জ-১-এ সেলিম
×

এসএম জাহাঙ্গীর ও সেলিম রেজা - ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২০ | ০৬:৩৭

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে এসএম জাহাঙ্গীর এবং সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে সেলিম রেজাকে মনোনয়ন দিয়েছে বিএনপি।

শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এসএম জাহাঙ্গীর ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি এবং সেলিম রেজা সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা কমিটির সদস্য। গত একাদশ নির্বাচনে ঢাকা-১৮ আসনে এসএম জাহাঙ্গীর মনোনয়ন চাইলে ওই আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি নেতা শহিদউদ্দিন মাহমুদ স্বপনকে মনোনয়ন দেওয়া হয়। অন্যদিকে সিরাজগঞ্জ-১ আসনে একাদশ নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন কণ্ঠশিল্পী কনকচাঁপা।

আওয়ামী লীগের মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ-১ এবং সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা-১৮ আসন শূন্য হয়।

ঢাকা-১৮ আসনে এসএম জাহাঙ্গীর হোসেন, এম কফিল উদ্দিন, ইশতিয়াক আজিজ উলফাত, ইসমাইল হোসেন, বাহাউদ্দিন সাদি, মোস্তাফিজুর রহমান সেগুন, মোস্তফা জামান, মো. আখতার হোসেন, আব্বাস উদ্দিন এবং সিরাজগঞ্জ-১ আসনে টিএম তহজিবুল ইসলাম, নাজমুল হাসান তালুকদার রানা, রবিউল হাসান ও সেলিম রেজা মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম বলেন, এসব উপ-নির্বাচন আর ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে কোনো পার্থক্য নেই। একইভাবে একই কায়দায় ভোট ছিনিয়ে নিয়ে যাওয়া হয়। পার্থক্যটা হচ্ছে ওই সময়ে ২৯ ডিসেম্বর ডাকাতি করা হয়েছিল ভোটের আগের রাতে, এখন এসব নির্বাচনে ভোটার যায় না, ঘোষণা হয় মাত্র।

তিনি বলেন, 'তারপরেও অনেকে প্রশ্ন করেন যে, তাহলে আপনারা কেন যাচ্ছেন নির্বাচনে? আসলে বিএনপি একটা গণতান্ত্রিক দল হিসেবে বিশ্বাস করে- সরকার পরিবর্তনের একমাত্র পথ- নির্বাচনের মধ্য দিয়ে হবে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে ভোট আগামী ১৫ নভেম্বর। দুটি আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ অক্টোবর, বাছাই ১৫ অক্টোবর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ অক্টোবর।

আরও পড়ুন

×