ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

খালেদা জিয়ার মুক্তি আদালতের এখতিয়ার: নাসিম

খালেদা জিয়ার মুক্তি আদালতের এখতিয়ার: নাসিম
×

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম- ফাইল ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০১৯ | ১০:০৩

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপির চেয়ারপারস খালেদা জিয়ার মুক্তির বিষয়টি আদালতের এখতিয়ার। তিনি প্যারোলে, না জামিনে মুক্তি পাবেন তা আদালতই নির্ধারণ করবেন। এ ব্যাপারে দল বা সরকার কোনো হস্তক্ষেপ করবে না। 

শনিবার বিকেলে সিরাজগঞ্জে নির্মাণাধীন শেখ হাসিনা নার্সিং কলেজ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনের সময় সাংবাদিকদের এ কথা বলেন সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী।

চলমান দূর্নীতিবিরোধী অভিযান প্রসঙ্গে মোহাম্মদ নাসিম বলেন, রাজনৈতিক দুর্বৃত্তায়ন দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। দল ও সরকারে ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে। ১৪ দল এবং জনগণ দূর্নীতিবিরোধী এ অভিযান সমর্থন করছে। আমরা বিশ্বাস করি প্রধানমন্ত্রী যেভাবে জঙ্গী দমন করেছেন, দেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন, ঠিক একইভাবে দূর্নীতিবিরোধী অভিযানেও সফল হবেন।

এর আগে মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জের প্রবেশমুখ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের মুলিবাড়িতে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম. মনসুর আলীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। 

শেখ হাসিনা নার্সিং কলেজ প্রকল্পের উন্নয়ন কাজ পরিদর্শনকালে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হামিদ, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শামমুজ্জামান আলো, কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×