ঢাকা-১৮ আসনে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: ইসিকে আ'লীগ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২০ | ১০:৩৪
ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপি অস্থিরতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানায় দলটি।
বৃহস্পতিবার দলের প্রেসিডিয়াম সদস্য ও নির্বাচন সমন্বয়ক আব্দুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে সাক্ষাৎ করে এই আহ্বান জানায়। এ সময় নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে আব্দুর রহমান জানিয়েছেন, ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী বাইরে থেকে লোক এনে নির্বাচনী এলাকায় সমবেত করছেন। তার দলের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মারধর করা, পোস্টার ছেঁড়া ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে নির্বাচনী পরিবেশ নষ্টের চেষ্টা করছে বলে ইসিকে জানানো হয়েছে। এসব অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন সিইসি।
বিএনপির অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, তাদের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট। তারা শুধু এই নির্বাচন নিয়ে অভিযোগ দিচ্ছে না, সব নির্বাচন নিয়ে অভিযোগ করেছে। নির্বাচন সুষ্ঠু হচ্ছে না- শুধু এটা প্রমাণ করতে তারা নির্বাচনে অংশ নিচ্ছে।
