‘স্বৈরাচারবিরোধী সংগ্রামে শহীদদের স্বপ্ন অর্জিত হয়নি’
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২০ | ০৭:৩৩
ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে গণসংগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়ে বাম গণতান্ত্রিক জোট নেতারা বলেছেন, ‘স্বৈরাচারবিরোধী সংগ্রামে শহীদদের স্বপ্ন অর্জিত হয়নি। বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশে কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী দুঃশাসন চাপিয়ে দিয়েছে। সমাজ ও রাষ্ট্রব্যবস্থার গণতন্ত্রায়ণের পরিবর্তে সরকার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। তারা গত ১২ বছর ধরে ভোট ব্যবস্থাকে হাস্যকর করে ফেলেছে।’
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশে নেতারা এসব কথা বলেন। স্বৈারাচারবিরোধী সংগ্রামে ১৯৮৭ সালের ১০ নভেম্বর শহীদ নূর হোসেন, সৈয়দ আমিনুল হুদা টিটো ও নুরুল হুদা বাবুলসহ নাম না জানা শহীদদের স্মরণে এই সমাবেশের আয়োজন করা হয়।
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও সিপিবি'র প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি'র সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য মানস নন্দী, ইউসিএল'র সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুস সাত্তার, বিপ্লবী গণতান্ত্রিক পার্টির শহীদুল ইসলাম সবুজ এবং সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক। পরিচালনা করেন বাসদ নেতা খালেকুজ্জামান লিপন।
নেতারা বলেন, ‘এরশাদ স্বৈরাচারবিরোধী আন্দোলনের অসংখ্য শহীদ স্বৈরাচারের হাতে বন্দি গণতন্ত্রকে মুক্ত করতে আত্মদান করেছেন। অসংখ্য মানুষের আত্মদান, পঙ্গুত্ববরণ ও জেলজীবনের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটানো সম্ভব হয়েছিল। কিন্তু নব্বইয়ের গণঅভুত্থানের পর যারা ক্ষমতাসীন হয়েছে, সেই আওয়ামী লীগ-বিএনপি এবং তাদের জোট মানুষের ভোটাধিকার ও গণতন্ত্রের আকাঙ্খাকে পদদলিত করেছে। তারা নব্য স্বৈরাচারে পরিণত হয়েছে। নব্য এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণসংগ্রাম গড়ে তোলার জন্য বাম প্রগতিশীল ও গণতান্ত্রিক শক্তি এবং সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান নেতারা।
