পৌর নির্বাচন
বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু মঙ্গলবার
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২০ | ১০:১৪
দেশের ২৫টি পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান জানিয়েছে বিএনপি। মঙ্গলবার থেকে আগামী রোববার পর্যন্ত গুলশান কার্যালয় অথবা সংশ্নিষ্ট জেলা বিএনপি কার্যালয় থেকে কেন্দ্রের সরবরাহ করা নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে এ সময়ের মধ্যে শুধু বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জমা দিতে হবে।
সোমবার বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কেন্দ্র থেকে সরবরাহ করা ফরম ছাড়া অন্য কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। গত ১৮ সেপ্টেম্বর জারি করা বিএনপির নির্দেশনা এবং কেন্দ্রীয় দপ্তরের শর্তানুযায়ী ফরম জমা দিতে হবে।
আগামী ২৮ ডিসেম্বর এসব পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে এর তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পৌরসভাগুলো হচ্ছে- পঞ্চগড় জেলার পঞ্চগড়, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, দিনাজপুরের ফুলবাড়ী, রংপুরের বদরগঞ্জ, কুড়িগ্রামের কুড়িগ্রাম, রাজশাহীর পুঠিয়া ও কাটাখালী, সিরাজগঞ্জের শাহজাদপুর, পাবনার চাটমোহর, কুষ্টিয়ার খোকসা, চুয়াডাঙ্গার চুয়াডাঙ্গা, খুলনার চালনা, বরগুনার বেতাগী, পটুয়াখালীর কলাপাড়া, বরিশালের উজিরপুর ও বাকেরগঞ্জ, মানিকগঞ্জের মানিকগঞ্জ, ঢাকার ধামরাই, গাজীপুরের শ্রীপুর, ময়মনসিংহের গফরগাঁও, নেত্রকোনার মদন, সুনামগঞ্জের দিরাই, মৌলভীবাজারের বড়লেখা, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এবং চট্টগ্রামের সীতাকুণ্ডু।
