সরকার ক্ষমতায় থাকতে বিদেশি শক্তিকে সন্তুষ্ট করছে: গয়েশ্বর
গয়েশ্বর চন্দ্র রায়- ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২০ | ০৯:০০
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, 'চিরস্থায়ীভাবে ক্ষমতা দখলে রাখতে সরকার বিদেশি শক্তিকে সন্তুষ্ট করছে। বর্তমান সরকার জাতীয় স্বার্থ বিসর্জন দিচ্ছে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য।'
রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোকচিত্র প্রদর্শনীতে তিনি এসব বলেন। এর আগে সকাল ১১টায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জাসাসের সভাপতি অধ্যাপক মামুন আহমেদ ও সাধারণ সম্পাদক হেলাল খানের নেতৃত্বে নেতা-কর্মীরা শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পষ্পমাল্য অপর্ণ করেন এবং প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।
গয়েশ্বর বলেন, বাইরের শক্তিকে সরকার সন্তুষ্ট করে, 'জনগণকে বঞ্চিত করে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় অনেকটা জবরদখলের মতো আছে। এটাকে দীর্ঘমেয়াদী করার জন্য আরো বিদেশি স্বার্থে দেশের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে। এটা স্বাধীনতা নয়। বিএনপি জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে কারো সাথে বন্ধুত্ব করে না।'
তিনি বলেন, 'বিজয়ের এই মাসে আমি বলব, আমাদের এই বিজয় এখনো পূর্ণাঙ্গ হয়নি। আমরা হয়ত পতাকা পেয়েছি, আমরা জাতীয় সঙ্গীত পেয়েছি, আমরা একটি ভৌগলিক অবস্থান পেয়েছি কিন্তু এখনো আমরা সার্বভৌম না। নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারি না, পরদেশের সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকতে হয়। যেদিন আমরা পূর্ণাঙ্গ স্বাধীনতা অর্জন করতে পারবো, যেদিন আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারবো সেইদিন জিয়াসহ শহীদদের প্রতি সম্মান জানানোর যোগ্যতা আমরা অর্জন করবো।'
তিনি আরও বলেন, 'বিএনপিকে জনগণ কখনো ছেড়ে যায়নি, যাবেও না। কারণ জনগণ মনে করে- বিএনপি একটিমাত্র দল যেটা দেশের দল, একটি মাত্র দল যেটা দেশের কথা বলে, একটি মাত্র দল যেটা গণতন্ত্রের কথা বলে, একটি মাত্র দল যারা লুটপাট করে অর্থ সম্পদ বিদেশে পাঁচার করে না।'
অনুষ্ঠানে জাসাসের সভাপতি অধ্যাপক মামুন আহমেদ, সাধারণ সম্পাদক হেলাল খান ছাড়াও কেন্দ্রীয় নেতা বাবুল আহমেদ, আহসান উল্লাহ চৌধুরী, মীর সানাউল হক, শাহরিন ইসলাম শায়লা, লিয়াকত আলী, আরিফুর রহমান মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
- বিষয় :
- বিএনপি
- গয়েশ্বর চন্দ্র রায়
- বিদেশি শক্তি
