ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

মওদুদ আহমদের হৃদযন্ত্রে বসানো হলো পেস মেকার

মওদুদ আহমদের হৃদযন্ত্রে বসানো হলো পেস মেকার
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২১ | ০৭:৪৩ | আপডেট: ০৭ জানুয়ারি ২০২১ | ০৮:০৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের হৃদযন্ত্রে স্থায়ী পেস মেকার বসাতে সফল অস্ত্রোপাচার সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালে প্রায় দুই ঘণ্টার এ অস্ত্রপচার সম্পন্ন হয়।

তার একান্ত সহকারী মোমিনুর রহমান সুজন জানান, মওদুদ আহমদের হৃদযন্ত্রের স্থায়ী পেস মেকার বসানো হয়েছে। বিকেল তিনটায় শুরু হয়ে প্রায় দুই ঘণ্টার এ অস্ত্রোপাচার সফলভাবে সম্পন্ন হয়েছে। তার জ্ঞান আছে, ডাক্তারদের সঙ্গে কথাও বলেছেন। তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিট নেওয়া হয়েছে। হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এ অস্ত্রোপচার সম্পন্ন হয়।

মওদুদ আহমদের আশু আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী ও পল্লীকবি জসীম উদ্‌দীনের মেয়ে হাসনা মওদুদ।

গত ২৯ ডিসেম্বর মওদুদ আহমদের রক্তে হিমোগ্লোবিন কমে গেলে তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার দু'বার কোভিড-১৯ পরীক্ষা করা হলে রিপোর্টে নেগেটিভ আসে। 

মওদুদ আহমদের শারীরিক অবস্থার নিয়মিত খোঁজ নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যার তারেক রহমান। এছাড়া সার্বক্ষণিক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রেখেছেন দলটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

১৯৭৮ সালে জিয়াউর রহমানের গঠন করা দল বিএনপির প্রতিষ্ঠাতা সদস্যদের একজন মওদুদ আহমদ। সামরিক শাসক এইচ এম এরশাদ ক্ষমতা দখলের পর তিনি তার দল জাতীয় পার্টিতে যোগ দেন।

এইচ এম এরশাদের সরকারের প্রধানমন্ত্রী, উপ-রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা ব্যারিস্টার মওদুদ পরে আবার বিএনপিতে যোগ দেন। খালেদা জিয়ার সরকারের আইনমন্ত্রী ছিলেন তিনি।

আরও পড়ুন

×